এফবিসিসিআই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন না মনোয়ারা


প্রকাশিত: ০৭:৫৯ এএম, ০৪ মে ২০১৫

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) ২০১৫-১৭ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন নাকচ করে দিয়েছেন মনোয়ারা হাকিম আলী। সোমবার স্বাধীনতা ব্যবসায়ী পরিষদের সদস্য ও লক্ষ্মীপুর চেম্বারের দেওয়ান সুলতান আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মনোয়ারা হাকিম আলী নির্বাচনে আছেন এবং থাকবেন। নির্বাচনে যারা জয়ী হতে পারবেন না তারাই অপপ্রচার চালাচ্ছেন নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন মনোয়ারা। প্যানেলের আরেক সদস্য আবুল কাশেমও মনোয়ারা হাকিম আলীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন নাকচ করে দিয়েছেন।

দেওয়ান সুলতান আহমেদ বলেন, মনোয়ারা হাকিম আলী বর্তমানে দেশের বাইরে রয়েছেন এই সুযোগে একটি মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন। মনোয়ারা সকল চেম্বার থেকে সমর্থন পেয়েছেন এবং নির্বাচনে জয় লাভ করবেন বলেও তিনি জানান।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে গত ৩০ মার্চ প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে মোট ২ হাজার ১৯৩ জনকে প্রাথমিকভাবে ভোটার করা হয়েছে। এর মধ্যে ৭৮টি চেম্বার থেকে ৪৩০ জন এবং ৩৫৫টি অ্যাসোসিয়েশন থেকে ১ হাজার ৭৬৩ জনকে ভোটার করা হয়েছে।

এবার চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপে ১৬টি করে মোট ৩২টি পদে সরাসরি নির্বাচন হবে। সর্বমোট ৫২ জন পরিচালক নিয়ে এফবিসিসিআইয়ের বোর্ড গঠন হবে। এর মধ্যে ৩২ জন পরিচালক সরাসরি নির্বাচন করবেন। বাকি ২০ জন পরিচালক দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে মনোনীত হয়ে আসবেন।

এসআই/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।