এপ্রিল পর্যন্ত এডিপির ৫৬ শতাংশ বাস্তবায়ন : পরিকল্পনামন্ত্রী
চলতি অর্থ বছরের দশ মাসে (জুলাই থেকে এপ্রিল) পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৫৬ শতাংশ বাস্তবায়ন করেছে সরকার। যা আগের অর্থ বছরের তুলনায় ২ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময়ে ৫৪ শতাংশ এডিপি বাস্তবায়ন করে সরকার। পরিকল্পনা কমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, জুলাই থেকে এপ্রিল মাস পর্যন্ত ৪৩ হাজার ৩৩৩ কোটি টাকার এডিপি বাস্তবায়ন করা হয়েছে। যা আগের অর্থবছরে ছিল ৩৪ কোটি ৫৫৭ কোটি টাকা। অর্থাৎ টাকার হিসেবে এডিপি বাস্তবায়ন বেড়েছে প্রায় ৯ হাজার কোটি টাকা।
জানা যায়, বাস্তবায়নকৃত প্রকল্পে ব্যয় হওয়া অর্থের ৪১ হাজার ৫৯৪ কোটি টাকা সরকারের। যা মোট ব্যয়ের ৫৫ শতাংশ। অন্যদিকে এর পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩২ হাজার ৮১৩ কোটি টাকা। বাকি অর্থ সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হয়েছে।
জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ২০১৪-১৫ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত বার্ষিক উন্নয়ন বাস্তবায়ন হার ৫৬ ভাগ। টাকার অংকে তা ৪৩ হাজার ৩৩৩ কোটি টাকা।
আরো জানা যায়, গত নয় মাসে এডিপির বাস্তবায়ন ছিল ৪৩ শতাংশ। যা আগের অর্থ বছরের তুলনায় ৩ শতাংশ বেশি।
সূত্র জানিয়েছে, অর্থবছরের বাজেটে এডিপির আকার ৮০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হলেও পরে তা কমিয়ে ৭৫ হাজার কোটি টাকা নির্ধারণ করে সরকার।
এসএ/বিএ/আরআইপি/আরআই