কারণ ছাড়াই বাড়ছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের দর
পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ায় কোনো কারণ নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত কয়েকদিন ধরে টানা শেয়ারের দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ জবাব দিয়েছে কোম্পানি।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ৯ কার্যদিবসের মধ্যে ৮ কার্যদিবসই সাবমেরিন ক্যাবল কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ৪ মে কোম্পানির শেয়ারের দর ছিল ১১০ টাকা ৭০ পয়সা। এরপর মাত্র এক কার্যদিবস ব্যতীত এর শেয়ারের দর বেড়ে ১৭ মে ১৫১ টাকা ৯০ পয়সায় হয়েছে। সে হিসাবে এ সময়ে কোম্পানির শেয়ারে দর বেড়েছে ৪১ টাকা ২০ পয়সা বা ৩৭ দশমিক ২১ শতাংশ।
কোম্পানি শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য রয়েছে কি না তা জানতে চেয়ে কোম্পানিকে চিঠি দেয় ডিএসই। চিঠির প্রেক্ষিতে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।
এদিকে গত এক বছরে কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দর ছিল ৯১ টাকা ১০ পয়সা এবং সর্বোচ্চ দর ছিল ১৯২ টাকা ২০ পয়সা।
এসআই/এআরএস/এমএস