গবেষণার ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জরুরি


প্রকাশিত: ০৩:০০ পিএম, ২৪ মে ২০১৫

গবেষণার ক্ষেত্রে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার বাংলাদেশ ট্যারিফ কমিশন (বিটিসি) আয়োজিত ‘প্রবলেমস অ্যান্ড প্রসপেক্টস অব আইটি অ্যান্ড আইটি এনাবলড সার্ভিসেস আউটসোর্সিং ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ গুরুত্বারোপ করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিভিন্ন সংগঠন অনুরূপ বিষয় নিয়ে গবেষণা পরিচালনা করে। কিন্তু যদি তারা কাজটি যথাযথ সমন্বয়ের মাধ্যমে করে তাহলে প্রকৃত চিত্র ফুটে উঠবে, যা সময় ও অর্থ সাশ্রয়ে সহায়ক হবে।’

তিনি বলেন, সরকার আইটি খাতকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি হিসেবে বিবেচনা করছে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়ও বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার ক্ষেত্রে আইটি খাত থেকে সর্বোচ্চ সুবিধা লাভের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. এম আজিজুর রহমানের সভাপতিত্বে বিটিসি মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন। গবেষণা কার্যক্রম ও প্রক্রিয়া সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন বিটিসি’র সহকারী প্রধান মামুন আকসারি।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।