ঈদের আগেই বোনাস পাচ্ছেন ৪ লাখ এমপিও শিক্ষক-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০১ পিএম, ১২ মার্চ ২০২৬
বেতন-ভাতা বাড়ানোসহ নানা দাবিতে গত বছরের অক্টোবরে টানা আন্দোলনে নামেন শিক্ষকরা/ ফাইল ছবি

ঈদের আগেই বোনাস বা উৎসবভাতা দেওয়ার কথা। কিন্তু দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অধিকাংশ ক্ষেত্রে তা পেতেন ঈদের পর। এবারও ঈদের আগে বোনাস পাবেন কি না, তা নিয়ে সংশয়ে ছিলেন শিক্ষক-কর্মচারীরা।

শিক্ষকদের উদ্বেগ নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়। এরপর বিষয়টি গুরুত্ব সহকারে দেখেছে বিএনপি সরকার। এরই মধ্যে ঈদ বোনাসের প্রস্তাবে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে ঈদের আগেই এবার ‘ঈদ বোনাস’ পাচ্ছেন এমপিওভুক্ত ৪ লাখেরও বেশি শিক্ষক-কর্মচারীরা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানায়, মঙ্গলবার শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের প্রস্তাবে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরপর তা আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকটনিকস ফান্ড ট্রান্সফারের (ইএফটি) জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস আরও বাড়ছে
এবার ঈদের আগেই কি এমপিওভুক্ত শিক্ষকরা বোনাস পাবেন?

এখন বাংলাদেশ ব্যাংক থেকে ছাড় হলেই শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে ঈদ বোনাস বা উৎসবভাতার টাকা চলে যাবে। সে ক্ষেত্রে আগামী রোববার (১৫ মার্চ) শিক্ষকরা বোনাসের টাকা পেতে পারেন বলেও জানিয়েছে মাউশি ও শিক্ষা মন্ত্রণালয় সূত্র।

মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, শিক্ষকদের ঈদ বোনাস সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। এরই মধ্যে আমরা সেটি আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে পাঠিয়েছি। এখন বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ ছাড় করতে হবে। এটা করতে এক কর্মদিবস লাগতে পারে। সে ক্ষেত্রে আজ (বৃহস্পতিবার) এ কাজ শেষ হতে পারে। আজ না পেলেও শিক্ষক-কর্মচারীরা রোববার থেকে ঈদ বোনাস পাবেন বলে আশা করছি।

মাউশি সূত্র জানায়, প্রতিমাসে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধান। অনলাইন বিল জমার পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয় অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস কত
এমপিওভুক্ত শিক্ষকরা আগে মূল বেতনের মাত্র ২৫ শতাংশ হারে ঈদের বোনাস পেতেন। আর কর্মচারীদের বেতন খুবই কম হওয়ায় তাদের মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস দেওয়া হতো।

ঈদ বোনাস বাড়ানোর দাবিতে গত বছর টানা আন্দোলনে নামে এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের আন্দোলনের মুখে শিক্ষকদের বোনাস ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়। তবে কর্মচারীদের বোনাস একই রাখা হয়। অর্থাৎ, কর্মচারীরাও মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস পাবেন।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে প্রায় ৩৮ হাজার। এসব প্রতিষ্ঠানে ৪ লাখেরও বেশি শিক্ষক-কর্মচারী কর্মরত। এরমধ্যে এমপিওভুক্তরা সরকারি অনুদান হিসেবে বেতন ও ভাতা পেয়ে থাকেন।

এএএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।