শিক্ষামন্ত্রী

কওমিকে আলাদা রাখা হবে না, আসবে সাধারণ শিক্ষার স্তরে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ০৩ মে ২০২৬
জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় অধিবেশন শেষে ব্রিফিংয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন/ছবি: জাগো নিউজ

দেশের কওমি মাদরাসার শিক্ষাকার্যক্রম আর আলাদা রাখা হবে না। একে সাধারণ শিক্ষার স্তরে আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, ‘কওমি মাদরাসার প্রতিনিধিদের সঙ্গে আমি বসেছি। এটা নিয়ে তিন দফা বৈঠক হয়েছে। সাধারণ শিক্ষার সঙ্গে কওমির স্তর ঠিক করতে হবে। আমরা চাই না তারা আলাদা থাকুক। এ ধারাকে আর আলাদা রাখা হবে না।’

রোববার (৩ মে) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় অধিবেশন শেষে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

এহছানুল হক মিলন বলেন, ‘সাধারণ শিক্ষার সঙ্গে কওমিদের মানসম্মত করা হবে। অর্থাৎ একই মানে আনা হবে। যেমন- দাখিল, আলিম, কামিল আছে এসএসসি, এইচএসসি ও মাস্টার্সের সমমান। কিন্তু কওমির ক্ষেত্রে শুধু দাওরাই একবারে মাস্টার্স ডিগ্রি। আমরা সব স্তরেই সমমান চালু করবো। স্তরগুলো আমাদের ঠিক করতে হবে। তাদের বোর্ডকে আমাদের মতো করতে হবে।’

‘কিছু জায়গায় কারিগরি শিক্ষা দিতে হবে। মানে তারা যা চান, সেটা আমরা করতে প্রস্তুত। আমাদের চিন্তা শিক্ষকদের কীভাবে মানসম্মত করবো, পাঠ্যক্রমকে কীভাবে অ্যাড্রেস (সুরাহা) করবো,’ যোগ করেন তিনি।

ডিসিরা কী কী প্রস্তাব দিলেন- এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি যেখানেই যাই, সেখানেই আমি যে সুরে কথা বলি তারাও (ডিসি) সেই সুরে কথা বলেন। আমরা মনে হয়, ৬৪ জেলার ডিসি, তারা যখন যুগ্ম-সচিব হবেন, তারা যেন শিক্ষা মন্ত্রণালয়ে আসেন। কারণ তাদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সম্পৃক্ততা অত্যন্ত নিবিড়। সব ডিসি শিক্ষাকে অ্যাড্রেস করতে আনন্দ পান। তখন আমাদের কাজ কমে যাবে।’

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষা সচিব আব্দুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এএএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।