লড়াইয়ের ময়দান
দ্য প্যালেস ইন ডালাস এটিঅ্যান্ডটি স্টেডিয়াম
টেক্সাসের আরলিংটনে অবস্থিত এটিঅ্যান্ডটি স্টেডিয়াম বিশ্বের অন্যতম ব্যয়বহুল এবং প্রযুক্তিগতভাবে উন্নত একটি ক্রীড়া ও বিনোদন কেন্দ্র। ২০০৯ সালের ২৭মে এটি সবার জন্য উন্মুক্ত করা হয়। এই স্টেডিয়ামটি এটি ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) বিখ্যাত দল ডালাস কাউবয়েসের প্রধান কার্যালয় ও হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয়।
কাউবয়েস মালিক জেরি জোন্সের নামানুসারে একে প্রায়ই ‘জেরি ওয়ার্ল্ড’ বা ‘দ্য প্যালেস ইন ডালাস’ নামে ডাকা হয়। আরলিংটন শহরের মালিকানাধীন এই বিশাল স্থাপনাটি আগের আংশিক টেক্সাস স্টেডিয়ামের স্থলাভিষিক্ত হয়েছে।
নির্মাণ এবং স্থাপত্যশৈলী
স্টেডিয়ামটি নির্মাণে প্রায় ১.৩ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে, যা মুদ্রাস্ফীতি বিবেচনায় বর্তমানে প্রায় ১.৯৫ বিলিয়ন ডলারের সমান। আর্কিটেকচারাল ফার্ম এইচকেএস, ইনক (Inc.)-এর নকশায় তৈরি এই স্টেডিয়ামের প্রধান আকর্ষণ হলো এর দুটি বিশাল আর্চ বা খিলান, যা প্রায় ৩০০ ফুট লম্বা এবং পুরো গম্বুজাকৃতি কাঠামোটিকে ধরে রাখে।
স্টেডিয়ামের ছাদটি প্রয়োজন অনুযায়ী খোলা বা বন্ধ করা যায় এবং এর দুই প্রান্তের বিশাল কাঁচের দরজাগুলোও খুলে দেওয়া সম্ভব। স্টেডিয়ামটির সাধারণ ক্ষমতা ৮০ হাজার হলেও, বিশেষ ইভেন্টের জন্য এটি এক লাখের বেশি দর্শক ধারণ করতে পারে।
প্রযুক্তি এবং সুযোগ-সুবিধা
ডালাসের এই স্টেডিয়ামটি তার বিশাল ভিডিও বোর্ডের জন্য বিখ্যাত। উদ্বোধনের সময় এটি বিশ্বের বৃহত্তম হাই-ডেফিনিশন ভিডিও ডিসপ্লে ছিল, যা বর্তমানেও বিশ্বের শীর্ষ ১০০টির মধ্যে অন্যতম। এছাড়াও ভক্তদের খেলা দেখার সুবিধার্থে পুরো স্টেডিয়াম জুড়ে তিন হাজারটিরও বেশি সনি এলসিডি স্ক্রিন স্থাপন করা হয়েছে। এ স্টেডিয়ামে প্রায় ৩৮০টি লাক্সারি স্যুট এবং একটি স্থায়ী আর্ট কালেকশন রয়েছে, যেখানে ১৮ জন সমসাময়িক শিল্পীর কাজ প্রদর্শিত হয়।
সাবেক এবং বর্তমান নাম
উদ্বোধনের সময় এর নাম ছিল ‘কাউবয়েস স্টেডিয়াম’। কিন্তু ২০১৩ সালে টেলিকম জায়ান্ট এটিঅ্যান্ডটি’র সাথে একটি বিশাল নামকরণ চুক্তির ফলে এর নাম পরিবর্তন করে ‘এটিঅ্যান্ডটি স্টেডিয়াম’ রাখা হয়।
যে সব ইভেন্টের খেলা হয় এই স্টেডিয়ামে
ফুটবল ছাড়াও এই স্টেডিয়ামে বাস্কেটবল (২০১০ এনবিএ অল-স্টার গেম), বক্সিং, সকার এবং ডব্লিউডব্লিউই রেসলম্যানিয়ার মতো বিশ্বখ্যাত ইভেন্ট আয়োজন করেছে। এটি ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম প্রধান ভেন্যু হিসেবে নির্বাচিত হয়েছে, যেখানে একটি সেমিফাইনালসহ টুর্নামেন্টের সর্বোচ্চ ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। কনসার্টের ভেন্যু হিসেবেও এটি অনন্য; জর্জ স্ট্রেট, টেলর সুইফট, বিয়ন্সে এবং মেটালিকার মতো তারকাদের অনুষ্ঠান এখানে লক্ষাধিক দর্শক সমাগম ঘটিয়েছে।
সমালোচনা
এত আভিজাত্য সত্ত্বেও স্টেডিয়ামটি কিছু সমস্যার জন্য সমালোচিত হয়েছে। পূর্ব-পশ্চিমমুখী অবস্থানের কারণে বিকেলের রোদের তীব্র আভা সরাসরি মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের দৃষ্টিতে ব্যাঘাত ঘটায়। এছাড়াও মাঠের খুব নিচে ঝোলানো বিশাল ভিডিও বোর্ডটি অনেক সময় পান্টারদের বলে আঘাতপ্রাপ্ত হয়, যা খেলার স্বাভাবিক গতি নষ্ট করে।
ডালাস: বিশ্বকাপ ২০২৬ সূচি
* সব ম্যাচের সূচি বাংলাদেশ সময় অনুযায়ী।
গ্রুপ পর্ব
১৪ জুন, নেদারল্যান্ডস-জাপান, রাত ২টা (১৫ জুন)
১৭ জুন, ইংল্যান্ড-ক্রোয়েশিয়া, রাত ২টা (১৮ জুন)
২২ জুন, আর্জেন্টিনা-অস্ট্রিয়া, রাত ১১ টা (২২ জুন)
২৫ জুন, জাপান-সুইডেন, ভোর ৫টা (২৬ জুন)
২৭ জুন, জর্ডান-আর্জেন্টিনা, সকাল ৮টা (২৮ জুন)
নকআউট (শেষ ৩২)
৩০ জুন, ম্যাচ-৫, রাত ১১ টা (৩০ জুন)
৩ জুলাই, ম্যাচ-১৪, রাত ১১টা ৩০ মিনিট
নকআউট (শেষ ১৬)
৬ জুলাই, ম্যাচ ৫, রাত ১টা (৭ জুলাই)
সেমিফাইনাল
১৪ জুলাই, সেমিফাইনাল–১, রাত ১টা (১৫ জুলাই)
আইএইচএস/