হামের টিকা: ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের বিষয়ে রিট শুনানি মঙ্গলবার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ১৮ মে ২০২৬
হাইকোর্ট/ফাইল ছবি

হামের টিকা নিয়ে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট শুনানি শুরু হয়েছে। এ বিষয়ে শুনানি মঙ্গলবার (১৯ মে) পর্যন্ত মুলতবি করা হয়েছে।

সোমবার (১৮ মে) হাইকোর্টের বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এ শুনানি শুরু হয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম। তাদের সঙ্গে ছিলেন ইউসুফ ইকবাল, মো. সোহেল ও মো. আনাস।

রোববার (১৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।

রিটে তদন্ত কমিটি গঠন ও ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার নির্দেশনা চাওয়া হয়।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

এর আগে গত ৬ এপ্রিল এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের কাছে আইন নোটিশ পাঠানো হয়।

হামের মতো টিকাদান ব্যবস্থা রাষ্ট্রীয় পর্যায় থেকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নোটিশে তদন্তের দাবি জানানো হয়।

আশরাফুল ইসলাম এ বিষয়ে বলেন, সারাদেশে অকস্মাৎ বিলুপ্তপ্রায় রোগ হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরই মধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অগণিত শিশু ও সাধারণ নাগরিক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

এফএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।