রমজান মাসে বইমেলা, থাকবে ইফতার-তারাবিহর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
২০ ফেব্রুয়ারি শুরু হবে এবারের বইমেলা/ ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার অমর একুশে বইমেলা নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এ মেলা শুরু হবে। অর্থাৎ পবিত্র রমজান মাসে চলবে বইমেলা।

এমন পরিস্থিতিতে প্রকাশকদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে আপত্তি জানিয়ে মেলা ঈদুল ফিতরের পর শুরুর দাবি জানানো হয়েছিল। তাতে সায় দেয়নি বাংলা একাডেমি ও বইমেলা আয়োজক কমিটি। ফলে ঘোষিত সময়ে (২০ ফেব্রুয়ারি) শুরু হবে প্রাণের বইমেলা।

রমজান মাস বিবেচনায় এবার মেলা প্রঙ্গণে ইফতার, নামাজের বড় পরিসরে বিশেষ ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। তিনি বলেন, রমজান মাস বিবেচনায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন মেলা এক ঘণ্টা এগিয়েছে, অর্থাৎ দুপুর ২টা থেকে শুরু হবে। নামাজ পড়ার পর্যাপ্ত জায়গা থাকবে; এমনিতেই থাকে, এবার তা আরও বাড়ানো হবে।

আরও পড়ুন
বইমেলা পেছাচ্ছে না, শুরু হবে ২০ ফেব্রুয়ারিই 
একুশে পদক ঘোষণা, পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান 

মোহাম্মদ আজম বলেন, কমিটির সদস্য ও প্রকাশকদের মতামত অনুযায়ী তারাবিহ নামাজ পড়ার জন্যও বড় পরিসরে সুব্যবস্থা রাখা হয়েছে। ইফতার করার জন্য যাতে পর্যাপ্ত ব্যবস্থা থাকে, সেজন্য ফুড স্টলগুলোকে আমরা নির্দেশনা দেবো। যথেষ্ট পরিমাণ সুপেয় পানির সরবরাহ থাকবে।

তিনি আরও বলেন, এককথায় রমজান ও ধর্মীয় সংশ্লিষ্ট সব প্রয়োজনীয় ব্যবস্থা মেলার মাঠে যাতে থাকে, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। আশা করছি মেলায় আগত দর্শনার্থী, লেখক-পাঠকদের এ নিয়ে কোনো ভোগান্তি পোহাতে হবে না।

jagonews24.com

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে বইমেলার সার্বিক বিষয়ে একাডেমির সিদ্ধান্ত ও অবস্থান তুলে ধরা হয়।

প্রকাশকরা ঈদের পর মেলা আয়োজনের দাবি জানালেও তা কেন যৌক্তিক নয়, তা তুলে ধরেন বইমেলা কমিটির সদস্যসচিব ড. মো. সেলিম রেজা। তিনি বলেন, বইমেলা আয়োজনের কাজ যখন প্রায় ৬০ ভাগ সম্পন্ন, তখন কিছু প্রকাশক ঈদের পর বইমেলা আয়োজন করার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছেন। আমরা প্রকাশকদের বক্তব্য শুনেছি এবং তাদের বলেছি কেন ঈদের পর বইমেলা আয়োজন করা দুরূহ। তখন এপ্রিল মাস এসে যাবে। এপ্রিল মাসে প্রচণ্ড তাপপ্রবাহ থাকে। ধুলোবালির উপদ্রব বাড়ে। কালবৈশাখীসহ বৃষ্টিপাতের আশঙ্কা থাকে প্রবল। এ সময় মাসব্যাপী বইমেলার আয়োজন করা বাস্তবসম্মত নয়।

সেলিম রেজা বলেন, সামগ্রিক বাস্তবতার আলোকে আগামী ২০ ফেব্রুয়ারিতেই বইমেলা শুরু হবে। আমরা এ সংবাদ সম্মেলনের মাধ্যমে মেলার সময় নিয়ে ভিন্নমত প্রকাশকারী প্রকাশকদের অনুরোধ করছি কিছুটা চ্যালেঞ্জ থাকলেও বইমেলায় অংশ নিতে এগিয়ে আসার জন্য।

এএএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।