‘রেড এলার্ট’-এর মোড়ক উন্মোচন
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং ইউনিভার্সিটি অব ম্যানিটোবা’র যৌথ গবেষণার ফল ’রেড এলার্ট’। স্বাস্থ্য সচেতনদের জন্য লেখা নন-কমিউনিকেবল ডিজিজের উপর রচিত বাংলাদেশে প্রকাশিত প্রথম বই এটি।
সোমবার ওয়েস্টিন হোটেলের বলরুমে নন-কমিউনিকেবল ডিজিজ, ডায়েটারি হ্যাবিটস ও লাইফস্টাইল ইন বাংলাদেশ-এর উপর লিখিত ‘রেড এলার্ট’ বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন ‘রেড এলার্ট’ গ্রন্থ থেকে দুই ধরনের উপকার পাওয়া যাবে। স্বাস্থ্য বিষয়ে উপকারিতা ও বাজারে অলিভ অয়েলের মতো প্রোডাক্টগুলো সম্পর্কে সঠিক ধারণা পাবে। আমি বিশ্বাস করি ‘রেড এলার্ট’ বইটি ব্র্যান্ড বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।
পরে তিনি গ্রন্থ প্রকাশের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতে এ ধরনের গবেষণামূলক কাজে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাডিয়ান বিশ্ববিদ্যালয় অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত।
তিনি বলেন, প্রকাশনাটি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি)-এর গবেষণার ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিশ্বব্যাপী শিক্ষা গবেষণায় সেতুবন্ধন তৈরিতে বিশ্বাসী। এ উদ্দেশ্যে আমাদের বিশ্ববিদ্যালয় এ বছরের শেষের দিকে তাদের শিক্ষাকার্যক্রম কানাডার অন্টারিও ক্যাম্পাসে শুরু করতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রিতা কলওয়েল অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেব কানাডিয়ান হাইকমিশনের সিনিয়র ট্রেড কমিশনার দেবরা বয়েছ ও বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ড. মেসবাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
বইমেলায় রেড এলার্ট বইটি মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) থেকে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৮৯৫ নম্বর স্টলে পাওয়া যাবে।
এমএইচআর