‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড আর নেই

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
ব্র্যাড আর্নল্ড

বিশ্বখ্যাত গ্র্যামি-মনোনীত রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান কণ্ঠশিল্পী ব্র্যাড আর্নল্ড আর নেই। ৭ ফেব্রুয়ারি ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৪৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে বিশ্ব সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ব্র্যাড আর্নল্ডের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার প্রতিনিধি। তিনি ঘুমের মধ্যে শান্তিতে মারা যান। মৃত্যুকালে তার পাশে ছিলেন স্ত্রী জেনিফার এবং পরিবারের অন্যান্য সদস্যরা।

২০২৫ সালের মে মাসে সামাজিক মাধ্যমে ব্র্যাড জানিয়েছিলেন, তার শরীরে চতুর্থ পর্যায়ের কিডনি ক্যানসার ধরা পড়েছে, যা পরে ফুসফুসেও ছড়িয়ে যায়। অসুস্থতার কারণে তিনি গত বছরের গ্রীষ্মকালীন ট্যুর বাতিল করতে বাধ্য হন। সেই সময় ভক্তদের কাছে প্রার্থনার অনুরোধও করেছিলেন তিনি।

আরও পড়ুন
এবার নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী: হিরো আলম
একুশে পদক দিতে বললেন তুষার, সালমান মুক্তাদির চাইলেন ভিসা

১৯৯৬ সালে মিসিসিপির এসকাটাউপাতে তিন বন্ধুকে নিয়ে ব্র্যাড গঠন করেন ‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ড। প্রথমে ড্রামার হিসেবে যাত্রা শুরু হলেও পরে প্রধান কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। মাত্র ১৫ বছর বয়সে লিখিত গান ‘ক্রিপ্টোনাইট’ ২০০০ সালে মুক্তি পেয়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তা আনে এবং ব্যান্ডটিকে শীর্ষে নিয়ে যায়।

ব্র্যাড আর্নল্ডের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ব সংগীত অঙ্গনের সহকর্মীরা। ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। তিনি স্ত্রী জেনিফার এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।