নির্বাচনে কত ভোট পেলেন জহির রায়হানের ছেলে

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
বক্তব্য দিচ্ছেন তপু রায়হান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে তপু রায়হান। এ আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন মোট দশ জন প্রার্থী। তবে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জমানের। ভোটে পাত্তাই পাননি তপু রায়হান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারি ফলাফলে দেখা গেছে, তপু রায়হান পেয়েছেন ১০৪১ ভোট। অন্যদিকে তার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট এবং জামায়াত প্রার্থী পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।

গত বছরের ৯ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান তপু। নির্বাচনি ইশতেহারে ঢাকা-১৭-কে দেশের একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে দুর্নীতিবাজ ও সন্ত্রাসী নির্মূল, সবার জন্য শিক্ষা, বেকারদের জন্য প্রশিক্ষণ ও ব্যবসা উদ্যোগ, প্রবীণদের অধিকার, সামাজিক নিরাপত্তা, ন্যায্যমূল্য, নারীর অধিকার, সবুজ শহর গড়ে তোলাসহ বিভিন্ন অঙ্গীকারের কথা তুলে ধরেন তপু রায়হান।

ঢাকা-১৭ আসনে মোট ভোটার আছে ৩৩৩৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭৪৭০৯ জন, নারী ভোটার ১৫৯০৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। ঢাকা-১৭ আসনটি গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে আসনটি গঠিত।

এমআই/এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।