ভালোবাসা দিবসে দেখতে পারেন যেসব প্রেমের সিনেমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
ভালোবাসা দিবসে দেখতে পারেন যেসব প্রেমের সিনেমা

আজ ভালোবাসা দিবস। দিবসটি উদযাপনে ইতোমধ্যে অনেকে নানারকম পরিকল্পনা করে ফেলেছেন। এই উদযাপনকে আরও আবেগঘন করতে ও প্রিয় মানুষের সঙ্গে সুন্দর সময় কাটাতে একসঙ্গে দেখে নিতে পারেন কিছু সিনেমা।

১. ঘুড্ডি (১৯৮০)
বাংলা সিনেমার ইতিহাসে কালজয়ী সিনেমাগুলোর একটি ‘ঘুড্ডি’। ঢালিউডের সবচেয়ে আধুনিক সিনেমাগুলোর কথা বলতে গেলে এটির নাম আসবেই। যুদ্ধের ট্রমা কাটিয়ে উঠতে না পারা মুক্তিযোদ্ধা আসাদ ও ঘুড্ডিকে ঘিরে গড়ে ওঠে এই সিনেমার গল্প। সাবলীল প্রেমের গল্পের পাশাপাশি ঘুড্ডি আমাদের উপহার দিয়েছে ‘চলো না ঘুরে আসি অজানাতে’, ‘কে বাঁশি বাজায় রে’, ‘ঘুম ঘুম’ কিংবা ‘সখী চলো না জলসা ঘরে’র মতো বেশ কয়েকটি জনপ্রিয় গান।


‘ঘুড্ডি’ সিনেমার শুটিংয়ের দৃশ্য

২. স্বরলিপি (১৯৭০)
ধনী শিল্পপতির ছেলে শফিক মাহমুদ পারিবারিক ব্যবসা সামলানোর বদলে গায়ক হিসেবে ক্যারিয়ার তৈরির স্বপ্ন দেখেন। এ নিয়ে বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে যান তিনি, আশ্রয় নেন বন্ধুর বাসায়। সেখান থেকে ছদ্মনামে রেডিওতে গান করে অর্জন করেন ব্যাপক জনপ্রিয়তা। ঘটনাক্রমে একদিন তার দেখা হয় মিতার সঙ্গে। মিতাকে ভালো লাগায় 'হৃদয় হরণ' ছদ্মনামে তার ড্রাইভারের চাকরি নেন শফিক। এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক ও ববিতা। এই সিনেমার ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’ গানটি এখনো ফিরে মানুষের মুখে মুখে।

একই গল্প নিয়ে ১৯৬৩ সালে কলকাতায় মুক্তি পায় উত্তম কুমার ও তনুজা অভিনীত ‘দেয়া নেয়া’। পুরোনো দিনের বাংলা সিনেমার জগতে হারিয়ে যেতে চাইলে দেখে নিতে পারেন এই দুটি সিনেমা।

৩. অবুঝ মন (১৯৭২)
মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যবসাসফল চলচ্চিত্র হিসেবে স্বীকৃত। অভিনয়ে রাজ্জাক ও শাবানা। ‘শুধু গান গেয়েই পরিচয়’ গানটি আজও সমান জনপ্রিয়। ভিন্ন ধর্মের দুই তরুণ-তরুণীর প্রেম এই ছবিকে দিয়েছে আলাদা মাত্রা।

৪. সুজন সখী (১৯৭৫)
গ্রামবাংলার সহজ-সরল প্রেমের গল্প। ফারুক ও কবরী জুটির রসায়ন দর্শক মাতিয়েছে। ‘সব সখীরে পার করিতে নিবো আনা আনা’ গানটি একসময় প্রেমের প্রতীক হয়ে উঠেছিল। নির্মাতা খান আতাউর রহমান।

৫. দেবদাস (১৯৮২)
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-এর কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন চাষী নজরুল ইসলাম। নাম ভূমিকায় বুলবুল আহমেদ, পার্বতী চরিত্রে কবরী ও চন্দ্রমুখী চরিত্রে আনোয়ারা। প্রেম-বিরহের অনন্য উপাখ্যান।


‘দেবদাস’ সিনেমার পোস্টার

৬. ভেজা চোখ (১৯৮৮)
৯. পরিচালনায় শিবলী সাদিক। অভিনয়ে ইলিয়াস কাঞ্চন ও চম্পা। অসুস্থ প্রেমিককে ঘিরে প্রেমিকার আকুলতা এ ছবির মূল আবেগ। ছবিটি দেখতে পারেন আজ।

৭. কেয়ামত থেকে কেয়ামত (১৯৯৩)
পরিচালনায় সোহানুর রহমান সোহান। এই সিনেমা দিয়েই বড় পর্দায় আসেন সালমান শাহ ও মৌসুমী। দুই পরিবারের দ্বন্দ্বে প্রেমিক-প্রেমিকার করুণ পরিণতি—রোমান্টিক ট্র্যাজেডির অনন্য উদাহরণ।

৮. তোমাকে চাই (১৯৯৩)
পরিচালনায় মতিন রহমান। সালমান শাহ ও শাবনূর জুটির রসায়ন দর্শককে মুগ্ধ করে। ‘ভালো আছি ভালো থেকো’ গানটি আজও প্রেমের সেরা গানগুলোর একটি।

৯. প্রাণের চেয়ে প্রিয় (১৯৯৭)
পরিচালনায় মোহাম্মদ হান্নান। এই ছবির মাধ্যমে রোমান্টিক নায়ক হিসেবে জনপ্রিয়তা পান রিয়াজ। ‘পড়ে না চোখের পলক’ গানটি দুই বাংলায় ব্যাপক সাড়া ফেলে।


‘প্রাণের চেয়ে প্রিয়’ সিনেমা দিয়ে তুমুল জনপ্রিয় হয় রিয়াজ-রাভিনা জুটি

১০. হঠাৎ বৃষ্টি (১৯৯৮)
চিঠি আদান-প্রদানের মাধ্যমে প্রেমের সূচনা হয় দীপা ও অজিতের। এক সময় দেখা করার পরিকল্পনা করেন দুজন। তবে নিয়তির পরিকল্পনা ছিল একটু আলাদা। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা ফেরদৌস ও ভারতীয় অভিনেত্রী প্রিয়াংকা। তাদের অনবদ্য রসায়ন আপনার মনে এনে দেবে অন্যরকম আনন্দ। ভিন্ন আঙ্গিকের প্রেমের কাহিনির পাশাপাশি 'সোনালি প্রান্তরে', 'একদিন স্বপ্নের দিন'র মতো জনপ্রিয় গানগুলোর সঙ্গে ফিরে যেতে পারেন অতীতের কোনো সুন্দর স্মৃতির পাতায়।

১১. হৃদয়ের কথা (২০০৬)
ছবিটি ২০০৬ সালের ১৮ই অক্টোবর মুক্তি পায়। এস এ হক অলিকের পরিচালনায় ছবিটিতে দুর্দান্ত এক প্রেমযুগলের চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ-পূর্ণিমা জুটি। চলচ্চিত্রটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। দারুণ রোমান্টিক গল্পের পাশাপাশি সিনেমার গানগুলোও ছড়িয়ে পড়েছিল সারাদেশের পথে প্রান্তরে। হাবিবের কণ্ঠে ‘ভালোবাসবো বাসবো রে বন্ধু’ ও এস আই টুটুলের কণ্ঠে ‘যায় দিন যায় একাকী’ গানগুলো আজও বাজে মানুষের মুখে।

১২. মনপুরা (২০০৯)
পরিচালনায় গিয়াসউদ্দিন সেলিম। অভিনয়ে চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি। নির্জন দ্বীপে জন্ম নেওয়া সোনাই-পরীর প্রেমকাহিনি দর্শকের হৃদয় ছুঁয়েছে গভীরভাবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্রসহ একাধিক পুরস্কার অর্জন করে।


‘মনপুরা’ সিনেমায় চঞ্চল-ফারহানা মিলি জুটি

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।