বিজয়-রাশমিকার বিয়ের অতিথি হলেন যেসব তারকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ০৫ মার্চ ২০২৬
বিজয়-রাশমিকার বিয়ের অতিথি হলেন যেসব তারকা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দনা এবার বাস্তব জীবনেও দাম্পত্যে বাঁধা পড়েছেন। গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে অরাবল্লি পর্বতমালার কোলে ব্যক্তিগত আয়োজনে বিয়ে সেরেছিলেন তারা। সেই আনন্দ উদযাপন করতেই বুধবার রাতে হায়দারাবাদে আয়োজন করা হয় জমকালো বিবাহোত্তর সংবর্ধনার।

নবদম্পতির এই আয়োজন ছিল তারকায় ঠাসা। দক্ষিণী চলচ্চিত্রের শীর্ষ তারকা থেকে বলিউডের অনেক পরিচিত মুখ হাজির হয়ে শুভেচ্ছা জানান নতুন এই দম্পতিকে।

বিবাহোত্তর সংবর্ধনায় ঐতিহ্যবাহী সাজে ধরা দেন রাশমিকা। তিনি পরেছিলেন লাল-সোনালি রঙের বেনারসি শাড়ি। অন্যদিকে বিজয় পরেছিলেন ঘিয়ে রঙের কুর্তা-ধুতি, সঙ্গে ছিল মানানসই একটি শাল। ফটো সাংবাদিকদের সামনে এসে হাত জোড় করে প্রণাম করেন দুজনেই। এ সময় রসিকতার ছলে বিজয় বলেন, “আজকের পর আমরা উদযাপন শেষ করে একটু আন্ডারগ্রাউন্ডে চলে যেতে চাই, কিছুটা শান্তিতে থাকতে চাই।” পাশে দাঁড়িয়ে সেই কথায় হাসতে দেখা যায় রাশমিকাকে।

বিবাহোত্তর সংবর্ধনায় উপস্থিত ছিলেন দক্ষিণী সিনেমার দিকপাল চিরঞ্জীবী, দাগুবতী ভেঙ্কটেশ, নাগার্জুন ও তার স্ত্রী অমলা আক্কিনেনি। এছাড়া নাগার্জুনের ছেলে নাগা চৈতন্য, অভিনেতা নানি, আল্লু অর্জুন, রাম চরণ ও তার স্ত্রী উপাসনা কামিনেনিসহ অনেকেই অনুষ্ঠানে অংশ নেন।

বলিউড থেকেও বেশ কয়েকজন তারকা হাজির ছিলেন। তাদের মধ্যে ছিলেন কৃতি শ্যানন, করণ জোহর ও নীনা গুপ্তা। এছাড়া মহেশ বাবুর স্ত্রী নম্রতা শিরোদকর ও কন্যা সিতারাও উপস্থিত ছিলেন এই আয়োজনে।

জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি ছিল তাদের সংগীত অনুষ্ঠান। এরপর ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি বিলাসবহুল হোটেলে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে প্রথা মেনে বিয়ে সম্পন্ন করেন বিজয় ও রাশমিকা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে একে অপরের প্রতি ভালোবাসার কথাও জানান এই তারকা জুটি।

আরও পড়ুন
ইরানের হামলায় নিরাপদ আশ্রয়ে গিয়ে দোয়া চাইলেন ‘তছনছ’ ছবির নায়ক

লাশ হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো, জাহের আলভীর কথিত প্রেমিকা তিথি

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত গীতা গোবিন্দম এবং ২০১৯ সালের ডিয়ার কমরেড সিনেমায় এই জুটির রসায়ন দর্শকদের মন জয় করেছিল। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এতদিন প্রকাশ্যে খুব একটা কথা বলেননি তারা।

এদিকে বিয়ের আনন্দ কাটতে না কাটতেই আবারও একসঙ্গে পর্দায় ফিরতে যাচ্ছেন বিজয় ও রাশমিকা। আগামী ১১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে তাদের নতুন পিরিয়ড ড্রামা ‌‘রণবালি’। এতে বিজয়কে দেখা যাবে রণবালি চরিত্রে এবং রাশমিকা অভিনয় করবেন ‘জয়াম্মা’ চরিত্রে।

 

এমএমএফ/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।