গায়িকার ছবি ব্যবহার করে ১৮৩ কোটি টাকার মামলা খেলো স্যামসাং

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:০০ পিএম, ১১ মে ২০২৬
গায়িকার ছবি ব্যবহার করে ১৮৩ কোটি টাকার মামলা খেলো স্যামসাং

বিশ্ববিখ্যাত ব্রিটিশ পপস্টার দ্যুয়া লিপা এবার বড়সড় আইনি লড়াইয়ে জড়ালেন। প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা করেছেন তিনি। বাংলাদেশি টাকায় এটি প্রায় ১৮৩ কোটি ৫৬ লাখ টাকারও বেশি।

অভিযোগ উঠেছে, তার অনুমতি ছাড়া ছবি ব্যবহার করে টেলিভিশন বিক্রি ও মার্কেটিং করেছে প্রতিষ্ঠানটি।

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফেডারেল কোর্টে দায়ের করা মামলায় দ্যুয়া লিপা দাবি করেছেন, স্যামসাং তার একটি কপিরাইটকৃত ছবি ব্যবহার করে টিভির প্যাকেজিং বক্সে ছাপিয়েছে। সেই ছবির মাধ্যমেই ভোক্তাদের কাছে ভুল বার্তা গেছে যে তিনি পণ্যের সঙ্গে যুক্ত বা সমর্থন করছেন।

মামলার নথি অনুযায়ী, ব্যবহৃত ছবিটির নাম ‘দ্যুয়া লিপা - ব্যাকস্টেইজ অ্যাট অস্টিন সিটি লিমিটস, ২০২৪’। এটি তার নিজস্ব কপিরাইটকৃত সম্পত্তি। এই অননুমোদিত ব্যবহারের জন্য তিনি অন্তত ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।

আইনজীবীরা আদালতে জানিয়েছেন, সামাজিক মাধ্যমে কিছু ব্যবহারকারী এমন মন্তব্যও করেছেন যে ‘টিভিতে দ্যুয়া লিপা আছে বলেই আমি এটা কিনবো’। এটি প্রমাণ করে ছবিটি মার্কেটিং প্রভাব ফেলেছে।

দ্যুয়া লিপার পক্ষের দাবি, এই ব্যবহার তার ব্র্যান্ড ইমেজ ও বাণিজ্যিক মূল্য ক্ষতিগ্রস্ত করেছে এবং ভোক্তাদের কাছে ভুল ধারণা তৈরি করেছে যে তিনি পণ্যটির অনুমোদন দিয়েছেন।

অন্যদিকে স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান আইনি প্রক্রিয়া নিয়ে তারা এখনই কোনো মন্তব্য করতে পারবে না।

এর আগে গত বছর থেকেই বিষয়টি নিয়ে দ্যুয়া লিপা আপত্তি জানিয়ে আসছিলেন, তবে কোম্পানি ছবি সরাতে অস্বীকৃতি জানায়। এরপরই তিনি আইনি পথে যান।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।