পশ্চিমবঙ্গ
‘ভোটার বাতিলের কারিগর’ এখন বিজেপি সরকারের মুখ্যসচিব
পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের রদবদল ঘটিয়ে রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পেলেন মনোজ কুমার আগরওয়াল। সোমবার (১১ মে) রাজ্যপাল আর এন রবির নির্দেশনায় এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিতর্কিত ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) প্রক্রিয়ার মাধ্যমে বিপুল সংখ্যক ভোটার বাতিলের কারিগর হিসেবে পরিচিত এই কর্মকর্তাকেই শীর্ষ প্রশাসনিক পদে বসাল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার।
বিজেপি সরকারের এই সিদ্ধান্ত রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তা সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এবার আগরওয়ালকে মুখ্যসচিব করায় প্রশাসনের নিয়ন্ত্রণভার এমন দুই ব্যক্তির হাতে গেল, যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।
১৯৯০ ব্যাচের আইএএস কর্মকর্তা মনোজ কুমার আগরওয়াল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনি কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থেই তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন>>
মুখ্যমন্ত্রী শুভেন্দুর উপদেষ্টা হলেন নির্বাচন কমিশনের সেই পর্যবেক্ষক
বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি
পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারিয়েছে লাখো মানুষ, মুসলিমরা লক্ষ্যবস্তু?
ভোটার বাতিল বিতর্ক
আগরওয়ালের তত্ত্বাবধানে পরিচালিত এসআইআর বা বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে তীব্র বিতর্ক রয়েছে। নির্বাচনের মাত্র দুই মাস আগে ভোটার তালিকা থেকে প্রায় ৯১ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়।
তৃণমূল কংগ্রেসের দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনি মাঠকে বিজেপির অনুকূলে নেওয়ার চেষ্টা করা হয়েছে।
নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস আগরওয়ালের বিরুদ্ধে ‘পক্ষপাতিত্বের’ অভিযোগ তুলেছিল। এমনকি ২০০৯ সালে তার বিরুদ্ধে থাকা সিবিআই তদন্ত এবং ১ দশমিক ৪৬ কোটি রুপির অবৈধ সম্পদ অর্জনের পুরোনো মামলার প্রসঙ্গও টেনেছিল তৎকালীন ক্ষমতাসীন দলটি।
তবে নিয়োগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে বিজেপি বলেছে, সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মতো তারা আমলাতন্ত্রকে ধ্বংস করার পথে তারা হাঁটছে না। দলটির দাবি, বিজেপি সরকার জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোজ আগরওয়ালকে নিয়োগ দিয়েছে। আইনের শাসন ও আমলাতন্ত্রের মর্যাদা পুনরুদ্ধারের যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল, এটি তারই প্রতিফলন।
সূত্র: দ্য প্রিন্ট
কেএএ/