কারিনার সেই রোগ নিয়ে এবার হাসপাতালে ভর্তি ডিজে সনিকা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১৯ মে ২০২৬
কারিনার সেই রোগ নিয়ে এবার হাসপাতালে ভর্তি ডিজে সনিকা

সদ্য প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর শোক এখনো কাটেনি। তিনি হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই রোগ থেকে আর মুক্তি মেলেনি তার। কারিনার সেই রোগ নিয়ে এবার হাসপাতালে ভর্তি ডিজে সনিকা।

জানা গেছে, হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে ও গায়িকা সনিকা। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এরপর থেকেই ভক্ত ও সহকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

আরও জানা গেছে, হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি বনানীর ইয়র্ক হসপিটালে ভর্তি রয়েছেন। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সনিকা লেখেন, ‘আগামী কয়েকদিনের জন্য এটাই আমার ঘর।’


ডিজে সনিকা

সনিকার অসুস্থতার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

২০০৭ সালে ডিজে হিসেবে পেশাদার ক্যারিয়ার শুরু করেন সনিকা। অল্প সময়েই তিনি দেশের সংগীত অঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।


হাসপাতালে ভর্তি সনিকা

২০১৩ সালে তিনি ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ হিসেবে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে ভূষিত হন। পরবর্তীতে ২০১৪ সালে তাঁর প্রথম মিউজিক ভিডিও ‘ভল্লাগে’ প্রকাশ পায়।

ডিজে ক্যারিয়ারের পাশাপাশি অভিনয়েও কাজ করেছেন সনিকা। ২০১৫ সালে তিনি ছোটপর্দায় অভিষেক করেন এবং ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নামের দুটি টেলিভিশন নাটকে অভিনয় করে প্রশংসা অর্জন করেন।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।