কান চলচ্চিত্র উৎসবে পাম দ’র পেলেন জন ট্রাভোল্টা
কান চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননাস্বরূপ সম্মানসূচক পাম দ’র পেলেন হলিউড তারকা জন ট্রাভোল্টা। ২০২৬ সালের ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
নিজের নতুন চলচ্চিত্র ‘প্রোপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের ঠিক আগে এই সম্মান পান তিনি। আকস্মিকভাবে পাওয়া এই পুরস্কারে আবেগাপ্লুত হয়ে পড়েন ট্রাভোল্টা। পুরস্কার গ্রহণের পর তিনি বলেন, ‘এটি অস্কারের চেয়েও বড়।’
দর্শকদের তুমুল করতালির মধ্যে ফরাসি ভাষায় আবেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘এটি সম্পূর্ণ সারপ্রাইজ! আমি এটা বিশ্বাসই করতে পারছি না।’
কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমোর উদ্দেশে ট্রাভোল্টা বলেন, তাকে আগে থেকেই উৎসবে আসার কথা জানানো হলেও এমন সম্মাননা দেওয়া হবে, তা তিনি জানতেন না। পরে ফ্রেমো জানান, বিষয়টি সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল।
অস্কারে দুইবার সেরা অভিনেতার মনোনয়ন পাওয়া এই তারকা কানে এসেছিলেন তার পরিচালিত প্রথম চলচ্চিত্রের প্রিমিয়ার উপলক্ষে। ছবিটি তার ১৯৯৭ সালে প্রকাশিত শিশুতোষ বই অবলম্বনে নির্মিত।
সিনেমার গল্পে দেখা যায়, প্লেনপ্রেমী এক কিশোর ও তার মা যুক্তরাষ্ট্র জুড়ে হলিউডের উদ্দেশে যাত্রা করে। ছবিতে ট্রাভোল্টার মেয়ে এলা ব্লু ট্রাভোল্টাও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
উল্লেখ্য, কান উৎসবে সাম্প্রতিক বছরগুলোতে চমক হিসেবে সম্মানসূচক পাম দ’র প্রদান করা হচ্ছে। গত বছর একইভাবে ডেনজেল ওয়াশিংটনকে এই সম্মাননা দেওয়া হয়েছিল।
এলআইএ