‘বিয়ে না করলেও সমস্যা নেই’, মেয়েকে নিয়ে কিয়ারার স্পষ্ট বার্তা
মাতৃত্বের পর জীবন ও ভাবনায় বড় পরিবর্তন এসেছে বলিউড অভিনেত্রী কিয়ারা আদবাণীর। বর্তমানে মেয়েকে নিয়েই তার নতুন স্বপ্ন ও পরিকল্পনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ের ভবিষ্যৎ, স্বাধীনতা এবং বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।
গত বছর কন্যাসন্তানের মা হয়েছেন কিয়ারা। তার মেয়ে সারায়াহর বয়স এখন ১০ মাস। সন্তান জন্মের পর মানসিকভাবে বেশ কঠিন সময় পার করতে হয়েছে অভিনেত্রীকে। তবে সেই অভিজ্ঞতাই তাকে নতুনভাবে জীবনকে বুঝতে শিখিয়েছে।
কিয়ারা বলেন, মাতৃত্ব একজন নারীর পরিচয় ও জীবনদর্শন পুরোপুরি বদলে দেয়। তার ভাষায়, ‘মা হওয়ার পর যেন এক নতুন পৃথিবীতে প্রবেশ করেছি। সেই সময় নিজের প্রতি সহানুভূতিশীল হওয়া খুব কঠিন হয়ে পড়ে। অথচ নিজের জন্য সময় বের করাটা তখন খুব জরুরি।’
অভিনেত্রী জানান, নিজেকে মানিয়ে নিতে তার প্রায় ছয় মাস সময় লেগেছে। আর এই সময়েই তিনি সিদ্ধান্ত নেন, মেয়েকে এমনভাবে বড় করবেন যেন সে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারে।
কিয়ারার কথায়, ‘আমি চাই না আমার মেয়ে একটা প্রেম করলেই তাকেই বিয়ে করতে বাধ্য হোক। সে নিজের জীবন উপভোগ করুক। বিয়ে করতে চাইলে করবে, না চাইলে করবে না। এ নিয়ে আমি কখনো ওর ওপর চাপ দিতে চাই না।’
তিনি আরও বলেন, ভুল হোক কিংবা ঠিক- সিদ্ধান্তটা যেন তার মেয়ের নিজের হয়। কারণ নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাই একজন মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে।
আরও পড়ুন:
নতুন জেমস বন্ড খুঁজছে হলিউড, চলছে অডিশন
নাতাশার সঙ্গে ডিভোর্সের পর এবার যে অভিনেত্রীকে বিয়ে করছেন হার্দিক
এদিকে অভিনয়ের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন কিয়ারা। খুব শিগগির তাকে দেখা যাবে অভিনেতা যশের বিপরীতে ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমাটিতে। সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
এমএমএফ