মা দিবসে আসছে সুতপার ঠিকানা


প্রকাশিত: ০১:১৭ পিএম, ০২ এপ্রিল ২০১৫

মা দিবস উপলক্ষ করে নির্মাণ করা হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’। প্রসূন রহমান পরিচালিত ছবিটি ইতিমধ্যেই বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে।

সরকারী অনুদানে ইমেশন ক্রিয়েটরের ব্যানারে নির্মিত ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অপর্ণা ঘোষ।

পরিচালক জানালেন, উপমহাদেশে নারীজীবনের অবস্থান ও চালচিত্র নিয়ে  সুতপার ঠিকানার গল্প। এতে দেখা যাবে, নারীর জীবনে বাবার বাড়ি থেকে শশুরবাড়ি, শশুরবাড়ি থেকে স্বামীর বাড়ি হয়ে ছেলের বাড়িতে পরিবর্তিত ও স্থানান্তরিত হওয়ার যে চক্র প্রবাহমান সেখান থেকে বেরিয়ে নিজের ঠিকানা খোঁজার জন্যে পথে নামতে বাধ্য হওয়া এক মায়ের অবস্থা।

প্রসূন রহমান চলচ্চিত্রটিতে অপর্ণার চরিত্রের পরিচয় দিতে গিয়ে বলেন, ‘এখানে কিশোরী থেকে মধ্যবয়স পর্যন্ত সুতপা নামের একজন নারীর বেড়ে ওঠা, তাঁর ত্যাগ ও সংগ্রামের গল্প বলা হয়েছে। আর এতে ১৭ বছর থেকে ৪৭ বছর বয়সী একজন নারীর চরিত্রে নিজেকে উপস্থাপন করছেন অভিনয় শিল্পী অর্পণা ঘোষ।’

ছবিটি সবার মন ছুঁয়ে যাবে বলেই বিশ্বাস পরিচালকের।

সুতপার ঠিকানায় আরো অভিনয় করেছেন শাহাদাৎ হোসেন, জয়ন্ত চট্টোপাধায়, মাহমুদুল ইসলাম মিঠু, সায়কা আহমেদ, এসএম মহসীন, রাজীব সালেহীন, রবি শিকদার, আনোয়ার চৌধুরী, জুনিয়া ডলি, মীম চৌধূরী, নাভিদ মুন্তাসীর এবং কুমার নিবিড় সহ আরো অনেকে।

সুতপার ঠিকানা’র সঙ্গীত পরিচালনা করেছেন কুমার বিশ্বজিৎ। ৬টি গানের মধ্যে ২ টি গেয়েছেন কুমার বিশ্বজিৎ নিজে, ২ টি গেয়েছেন সামিনা চৌধুরী, একটি চন্দনা মজুমদার আরেকটি গেয়েছেন কণা ও কিশোর।

চলচ্চিত্রটির নির্মাতা প্রসূন রহমান জানান, ঢাকার উল্লেখযোগ্য প্রেক্ষাগৃহসহ ঢাকার বাইরের কয়েকটি প্রেক্ষাগৃহেও ছবিটি মুক্তি পাবে। দেশের বাইরেও ছবিটি বাণিজ্যিকভাবে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। আর চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে দক্ষিণ এশিয়ার সকল নারীকে।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।