জুনিয়রদের নায়িকা হতে চান ক্যাটরিনা


প্রকাশিত: ০১:২১ পিএম, ২৯ এপ্রিল ২০১৫

অনেকেই হয়তো জানেন না প্রেমিক ও হবু স্বামী রণবীর কাপুরের চাইতে বয়সে এক বছরের বড় ব্যাং ব্যাং তারকা ক্যাটরিনা কাইফ। নিজের প্রেমের প্রতি বিশেষ ভালোবাসা দেখাতে এই সুন্দরী এবার সিদ্ধান্ত নিয়েছেন নিজের চাইতে বয়সে জুনিয়র নায়কদের বিপরীতে কাজ করবেন তিনি।

অল্প দিনের মধ্যেই মুক্তি পাচ্ছে ‘জগ্গা জাসুস’। সেই ছবিতে তিনি অভিনয় করছেন রণবীর কাপুরের সঙ্গে। তা রণবীর যতোই তার প্রেমিক হন না কেন, অনেকেই হয়তো খেয়াল করেননি রণবীর ক্যাটরিনার চেয়ে এক বছরের ছোটো। তবে রণবীরের সঙ্গে ক্যাটরিনা তো এর আগেও ‘আজব প্রেম কি গজব কাহানি’ কিংবা ‘রাজনীতি’র মতো ছবিতে কাজ করেই ফেলেছেন।

ফলতো এই সমীকরণের ক্যাটরিনা-রণবীরের জুটিকে ফেলা যাবে না। যদিও রণবীর কাপুরের বদলে যদি রণবীর সিং হয়ে যায়, তাহলেই কিন্ত সমীকরণ মিলে যায়। কারণ ক্যাটরিনা নাকি কিছুদিনের মধ্যেই রণবীর সিং-এর সঙ্গে একটি ছবিতে কাজ করতে চলেছেন। রণবীর সিং বয়সে ক্যাটরিনার চেয়ে বেশি কয়েক বছরের ছোটো।

তবে এই যে নামটি এই প্রসঙ্গে উঠে আসছে, সেটি আদিত্য রায় কাপুরের। ‘আশিকি ২’ খ্যাত আদিত্যর সঙ্গে সম্প্রতি একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছে ক্যাটকে। ঠান্ডা পানীয়ের সেই বিজ্ঞাপনে তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি ভালো লেগেছে অনেকের। তবে ছোটো বিজ্ঞাপনেই তা সীমাবদ্ধ থাকছে না। খুব দ্রুত বয়সে দু’বছরের ছোটো আদিত্যর সঙ্গে ক্যাটরিনাকে দেখা যাবে বড়ো পর্দায়।
ছবির নাম ‘ফিতুর’।

এই সব ছবির কাজগুলোর পরেই ক্যাটরিনার হাতে রয়েছে ফারহান আখতার এবং রীতেশ সিদওয়ানি প্রযোজিত একটি ছবির কাজ। সেই ছবিতে ক্যাটরিনার সঙ্গে কাজ করছেন সিদ্ধার্থ মালহোত্রা। সিদ্ধার্থ বয়সে ক্যাটরিনার চেয়ে এক বছরের ছোটো। সিদ্ধার্থের সঙ্গে ক্যাটরিকনার জুটি কেমন হবে, তা নিয়ে রীতিমতো কৌতূহলে বলিউডের দর্শকমহল। আর বিশেষত যেহেতু ছবিটি ফারহান আখতারের প্রোডাকশনের, তাই ইতিমধ্যেই সেটি নিয়ে আরও বেশি উত্তেজনার সৃষ্টি হয়েছে। কিন্ত হঠাৎ পরপর কম বয়সী নায়কদের সঙ্গে অভিনয়ের কারণ কী? ক্যাটরিনার ঘনিষ্ঠ এক পরিচালক জানিয়েছেন, ‘এটা একেবারে ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেওয়া। ক্যাটরিনা এবার নতুন হিরোদের সঙ্গে কাজ করতে চাইছে। চাইছে, পর্দায় যেন ওর নতুন ধরনের কেমিস্ট্রি ধরা পড়ে।’

তবে অনেকেই বলছেন এটা না করে কোনো উপায় নেই ক্যাটরিনার। কারণ যারা এখন বলিউডে নায়ক হিসেবে জনপ্রিয়তা পাচ্ছেন তাদের প্রায় সবাই এই নায়িকার জুনিয়র। সবসময় তো আর তিন খান ও ঋত্বিক-অক্ষয়দের সাথে ছবি করা সম্ভব নয়। তাই ক্যারিয়ার বাঁচাতে এই সিদ্ধান্তই নিতে হয়েছে ক্যাটকে।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।