চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য চলচ্চিত্র আহ্বান


প্রকাশিত: ০৬:২৫ এএম, ০৫ মে ২০১৫

চলছে ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ শিরোনামে বাংলাদেশের চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্রের বছরব্যাপি প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসব।

এটি ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে আয়োজন করেছে।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান এবং এপ্রিল মাসের নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী গত ২ মে ২০১৫, শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী দিনে ৫টি স্বল্পদৈর্ঘ্য ও ১টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র প্রদর্শিত হয়।

উৎসব উদ্বোধন করেন অগ্রজ চলচ্চিত্রকার ও চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পুরোধা সৈয়দ সালাহউদ্দিন জাকী এবং বরেণ্য চলচ্চিত্রগ্রাহক ও আলোকচিত্রশিল্পী আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম।

অনুষ্ঠানের প্রারম্ভিক আলোচনা করেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি ও উৎসব পরিচালক বেলায়াত হোসেন মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী।

‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ চলচ্চিত্র উৎসবে মে মাসের প্রদর্শনীর জন্য চলচ্চিত্র আহ্বান করা হচ্ছে। উৎসবে স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য, কাহিনী ও প্রামাণ্য, নিরীক্ষা ও এনিমেটেড সব ধরণের চলচ্চিত্রের জন্য দ্বার উন্মুক্ত থাকবে। দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বয়সের চলচ্চিত্র নির্মাতা, যে কোনো ফরমেটে নির্মিত চলচ্চিত্র নিয়ে এই উৎসবে অংশগ্রহণ করতে পারবে।

মাসের নির্বাচিত চলচ্চিত্র ২৯ মে ২০১৫, শুক্রবার, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হবে।

প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে চলচ্চিত্র জমা দিতে হবে। চলচ্চিত্র জমা দেয়ার নিবন্ধন ফরম www.moviyanafilmsociety.org থেকে সংগ্রহ করে স্বহস্তে পূরণ করে জমা দিতে হবে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।