রবীন্দ্র জন্মজয়ন্তীতে অণিমার অ্যালবাম
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে গুণী রবীন্দ্রসঙ্গীত শিল্পী অণিমা রায়ের ‘তোমার বিরহে’ শিরোনামের অ্যালবামটি বাজারে এসেছে। এটি শিল্পীর ৭ম একক অ্যালবাম।
মোট ১৩টি গান নিয়ে তৈরি হয়েছে এবারের অ্যালবামটি। গানগুলো হলো- ‘এরা সুখের লাগি’, ‘আমার পরাণ যাহা চায়’, ‘অলি বার বার ফিরে যায়’, ‘তুমি কোন কাননের ফুল’, ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’ ইত্যাদি।
গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন প্রত্যুষ বন্দোপাধ্যায়। অ্যালবামটি প্রযোজনা করেছে সাহিদ গ্রুপ ও পরিবেশনায় লেজার ভিশন।
৭ম একক রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম প্রসঙ্গে শিল্পী অণিমা রায় বলেন, ‘এর আগের অ্যালবামগুলোতে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে এক একটি থিম নিয়ে কাজ করার চেষ্টা করেছিলাম। কিন্তু বিভিন্ন বিষয়ের ওপরে কাজ করতে গিয়ে জনপ্রিয় ও প্রচলিত গানগুলো আমার কন্ঠে ধারণ করা হয়নি। সেই ভেবেই এবারের অ্যালবামটিতে রবীন্দ্রনাথের বহুল প্রচলিত গান গেয়েছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’
উল্লেখ্য, রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে অণিমা রায় বেশ ক’টি চ্যানেলে গান পরিবেশন করবেন।
এলএ