যেখানে শশীর তৃষ্ণা মেটেনা
সম্প্রতি নির্মিত হলো লুৎফুর নাহার মৌসুমীর পরিচালনায় বিশেষ টেলিফিল্ম ‘তৃষ্ণা মেটেনা’। এটির চিত্রনাট্যও তৈরি করেছেন পরিচালক। গল্প প্রধান এই টেলিছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রের টুনি খ্যাত অভিনেত্রী শশী।
এখানে শশীকে দেখা যাবে জীবনের নানা বাঁকে পর্যদুস্ত নারী চরিত্রে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন রওনক হাসান।
টেলিছবিটির গল্পে দেখা যাবে কৈশোরে পাড়ার এক দাদার কাছে যৌন নির্যাতনের শিকার হয় দুরন্ত সরসী (শশী)। কিন্তু পুরুষশাষিত সমাজে এই ঘটনার শাস্তির খড়গ তার উপরই পড়ে। পরিবার আর আত্মীয়স্বজন তাকে শারীরিক আর মানসিক কারাগারে রুদ্ধ করে রাখে।
দুই বিরুদ্ধ শক্তির বিপক্ষে যুদ্ধে পরাজিত সরসীর বিয়ে হয় এক সরকারী কেরানী, রসবিহারীর সাথে। স্বামী তাকে ভালোবাসে, কিন্তু শাসন আর অথরিটিও ফলায় বেশ কড়াভাবে। সমাজের অনুশাসন তাকে যে বন্ধনের দিকে ঠেলে দিয়েছে সে সবের বিরুদ্ধে, ভাগ্যের বিরুদ্ধে।
সে তার খেদ, অভিমান আর রাগ প্রকাশ করে। তার কথা শুনার কেউ নেই। এই অপরাধে সে নিজেকে শাস্তি দিতে চায়। আত্মহত্যা করে পৃথিবীর সবকিছুকে বুড়ো আঙ্গুলের ইশারা দেখাতে চায়। কিন্তু জীবনের তৃষ্ণা তার মিটেনি। সে কিছু একটা অবলম্বন ধরে থেকে যেতে চায় সবখানে।
টেলিফিল্মটি চ্যানেল নাইনে ৮ মে দুপুর ৩টায় প্রচারিত হবে।
এলএ