অবশেষে সিনেমাতেও বিরাট ও আনুশকা জুটি!


প্রকাশিত: ০৮:১৯ এএম, ০৭ মে ২০১৫

এই দুই তারকার প্রেম ও খোলামেলা উপস্থিতিতে কেউ উচ্ছসিত, কেউ বিরক্তও। যে যেখানেই যাচ্ছেন সঙ্গে করে নিয়ে যাচ্ছেন অন্যজনকে। হচ্ছেন শিরোনাম। বলছি ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী অানুশকা শর্মার কথা।

সময়ের আলোচিত এমন জুটিকে রুপোলি পর্দায় টানলে যদি দু’টো পয়সা বাড়তি আসে তবে কোন পরিচালক তা কামাতে চাইবেন না? অনুরাগ কাশ্যপ সেই পথেই চললেন। নায়িকাকে দিয়ে বধ করলেন নায়িকারিই প্রেমিককে! তার আসন্ন সিনেমা ‘বম্বে ভেলভেট’-এ বিরাট কোহলি আর আনুশকা শর্মা একসঙ্গে কাজ করেছেন।

‘বম্বে ভেলভেটে’-এ বিরাটকে ক্রিকেটার হিসেবেই দেখতে পাবেন দর্শকেরা। ছবির জ্যাজ সিঙ্গার ‘রোজি’ অরফে আনুশকার সঙ্গে বিরাটের দেখা হবে জীবনের কোনও এক মোড়ে। ১৯৬০-এর এই নাইট ক্লাবের জ্যাজ সিঙ্গার স্বপ্ন দেখত, চাইত সিনেমার দুনিয়ায় পা রাখতে। কিন্তু, বাস্তবের রুক্ষ জমিতে স্বপ্ন আর বাস্তবের যে সঙঘাত, জীবনের যে টানাপোড়েন তা পেরিয়ে কীভাবে ‘রোজি’ নিজের অস্তিত্ব রক্ষা করবে ‘কাহিনী’তে প্রতিফলিত হয়েছে সেটা।

দেখানো হবে আরেকটি চরিত্রও। সড়ক থেকে উঠে আসা এক বক্সার। যার জীবনেও বাস্তব আর স্বপ্নে বিবাদ ঘটেছে। এই চরিত্রে অভিনয় করছেন রণবীর। তবে অনুষ্কার সঙ্গে বিরাটও থাকবেন বেশ কয়েকটি দৃশ্যে। লেডি-লাভের সঙ্গে বলিউডে এই অভিষেকটা স্মরণীয় হয়ে থাকুক বিরাট মনে মনে চাইছেন।

কিন্তু আনুশকা আছেন দুশ্চিন্তায়। এমনিতে ছবি মুক্তির আগে ‘ধকধক দিল’ সব নায়িকাদেরই হয়। তবে আনুশকার হৃদয়ের ধুকপুকানি এবার আরও বেশি বিরাটের জন্যই। আন্তর্জাতিক ক্রিকেটারের বাউন্ডারি পেরিয়ে, বিরাটের এই রুপালি দুনিয়ায় অভিষেক দর্শক কীভাবে নেবেন, সে প্রশ্নটা তাকে ভাবাচ্ছে।

সবকিছু ঠিক থাকলে ছবিটি মুক্তি পাচ্ছে ১২ মে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।