গোফওয়ালা পরীমনি! (দেখুন ছবিতে)
পরীর মতো দেখতে বলেই বোধহয় অভিভাবকেরা তার নাম রেখেছিলেন পরীমনি। চলচ্চিত্রের রুপালি পর্দায় নাম লিখিয়ে এরইমধ্যে পেয়েছেন আকাশচুম্বি জনপ্রিয়তা। তার মিষ্টি চেহারা, গ্ল্যামার, অভিনয়ের সাবলীলতা জানান দিচ্ছে ঢাকাই ছবিতে নতুন রানীর আগমন।
কিন্তু রানী পরীমনি বদলে ফেলেছেন নিজের রুপ। নারী থেকে পুরোদস্তুর পুরুষ বনে গেছেন তিনি! অবাক হচ্ছেন তো? অবাক হবার কিছু নেই। তার নতুন ছবি ‘আমার প্রেম আমার প্রিয়া’তে এই গেটাপেই দর্শকরা দেখতে পাবেন প্রিয় নায়িকাকে।
বৃহস্পতিবার নিজের ফেসবুক ওয়ালে বেশ কিছু ছবি আপলোড করেন পরীমনি। সেখানে দেখা যায় ছোট ছাটা চুল আর গোফ নিয়ে পরীমনির তরুণ যুবকের সাজ। শুধু তাই নয়, পরীমনির পোশাকও ছিলো পুরুষের; রঙচঙা চেক শার্ট।
ছবিতে পরীমনির সঙ্গে আরো ছিলেন তার নায়ক আরজু ও খলনায়ক ডন। শামীমুল ইসলাম শামীম পরিচালিত আমার প্রেম আমার প্রিয়া ছবিতে পরীমনিকে দেখা যাবে গ্রামের এক চেয়াম্যানের মেয়ের চরিত্রে।
নিজের চরিত্র নিয়ে পরীমনি জাগোনিউজকে বলেন, ‘গ্রামীন প্রেক্ষাপটের গল্প নিয়ে তৈরি হচ্ছে আমার প্রেম আমার প্রিয়া ছবিটি। এখানে আমার চরিত্রটি বেশ উপভোগ্য। চেয়ারম্যান বাবার আদরের মেয়ে আমি। বাবার টাকা চুরি করে সিনেমা দেখি আর সেটা সবাইকে বলে দেয় নায়ক আরজু। এর জের ধরে তার সঙ্গে আমার শত্রুতা শুরু হয়। শেষ পর্যন্ত আমার শত্রু নায়ক আরজুর সঙ্গেই মনের সম্পর্ক গড়ে উঠে। আশা করছি এ ছবিটি মন ছুঁয়ে যাবে সবার।’
ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে মোজাম্মেল হক খানের প্রযোজনায় ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে পরীমনি ও আরজু ছাড়াও অভিনয় করবেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা ডন প্রমুখ।
চলতি বছরে মুক্তির লক্ষ নিয়েই এগিয়ে যাচ্ছে আমার প্রেম আমার প্রিয়া চলচ্চিত্রের কাজ।
এলএ/আরআইপি