ভেলভেট ফ্লপ, পরিচালককে অপমান!


প্রকাশিত: ০৮:০০ এএম, ২০ মে ২০১৫

যত গর্জে তত বর্ষে না। পুরোনো বাংলা প্রবাদ। সত্যি হলো বলিউডে সদ্য মুক্তি পাওয়া ছবি ‌‘বম্বে ভেলভেট’র বেলায়। এক সপ্তাহ পেরিয়ে গেলেও দর্শক টানতে পারেনি অনুরাগ ক্যাশপের পরিচালনায় রণবীর কাপুর ও আনুশকা শর্মার এই ছবি। তাই বলিউডজুড়ে ফ্লপ নির্মাতা হিসেবে তাকে নিয়ে উঠেছে সমালোচনার ছড়। এ পর্যন্ত হাফ ডজন ছবি বানালেও একটিও দেখেনি সাফল্যের মুখ!

তবে সবকিছু ছাপিয়ে গেছে টুইটারে অনুরাগকে ব্যঙ্গ করে কামাল রসিদ খান ওরফে কেআরকের অপমানসূচক টুইট। তিনি টুইটারে সমালোচনার বন্যা বইয়ে দিলেন অনুরাগ ক্যাশপকে নিয়ে। ‘বম্বে ভেলভেট’ ফ্লপ হওয়ার পর শর্ত অনুযায়ী অনুরাগকে নপুংসক হওয়ার চ্যালেঞ্জও জানালেন তিনি।

ঘটনার ব্যাপারে জানতে একটু পিছিয়ে যেতে হবে। গত মাসে টুইটে রামগোপাল বর্মার সঙ্গে বম্বে ভেলভেট নিয়ে বাগযুদ্ধে নেমেছিলেন পরিচালক অনুরাগ ক্যাশপ। কাস্টিং, স্ক্রিপ্ট অত্যাদি নিয়ে বিস্তর কথা চালাচালিতে সরগরম হয়ে উঠেছিল যোগাযোগ মাধ্যমটি। এর মাঝেই অনুরাগের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন কেআরকে।

তর্ক এতটাই গড়ায় যে, ট্যুইটারে তিনি লেখেন, ‘আমি চ্যালেঞ্জ করছি, যদি বম্বে ভেলভেট হিট হয় তবে আমি নপুংসক হয়ে যাব। কিন্তু যদি ফ্লপ হয়, তবে ছবির পরিচালক অনুরাগকে নপুংসক হতে হবে।’

ছবি মুক্তি পাওয়ার আগে সাংবাদিকরা অনুরাগকে এ নিয়ে প্রশ্নও করেন। উত্তরে অনুরাগ জানান, তিনি কামালের কাছে একটি বিশেষ ধরনের বোতলও পাঠাবেন সংরক্ষণের জন্য।

গত ১৫ মে বম্বে ভেলভেট মুক্তি পায়। প্রত্যাশা অনুযায়ী দর্শকদের কাছ থেকে তেমন সাড়া মেলেনি। অন্তত তার স্বপক্ষেই কথা বলছে বক্স অফিস রিপোর্ট। গোটা উইকেন্ডে ছবি মাত্র ১৬ কোটি টাকার ব্যবসা করেছে। বিশেষজ্ঞদের মতে, এটা এক দিনের ব্যবসার অঙ্ক হওয়া উচিত ছিল।



এর পরই টুইটারে একের পর এক ‘তোপ’ দাগতে শুরু করেছেন কামাল খান। অনুরাগকে হাস্যাস্পদ করার জন্য তার একটি ছবিও পোস্ট করেন। এসবের প্রতিক্রিয়ায় অনুরাগ ইতিমধ্যেই কামাল খানকে টুইটারে ব্লক করেছেন বলেও খবর।

শুধু ভেলভেট-ই নয়, গুলাল, পাঁচ, নো স্মোকিং, আগলি-র মতো অনুরাগের অন্যান্য সিনেমা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি কামাল। একটি টুইটে ছবিগুলি উল্লেখ করে তিনি লেখেন, ‘দর্শকরা দয়া করে বলবেন, আপনারা এই ছবিগুলি কিছু বুঝতে পেরেছেন কি-না? এই সব ছবিই তো ফ্লপ হয়েছিল।’

সব মিলিয়ে সময়টা যে একদম নিজের প্রতিকূলে আছে সেটা অনুরাগ ক্যাশপ ভালোই অনুভব করছেন। আর নিজের চিরশত্রু হিসেবে কেআরকেকে হয়তো অভিশাপের বাণে বিদ্ধ করছেন সকল সামর্থ্য দিয়ে-সেটাও অনুমেয়।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।