উড়ন্ত ডানায় রংধনু


প্রকাশিত: ০৪:২৯ পিএম, ০৫ জুন ২০১৫

ঢাকায় ফ্রান্সভিত্তিক শিক্ষা ও সংস্কৃতি উন্নয়ন প্রতিষ্ঠান আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারীতে শুরু হলো ‘উড়ন্ত ডানায় রংধনু’ শীর্ষক চিত্র প্রদর্শনী। চিত্রশিল্পী নাসিমা খানম কুইনির প্রতিষ্ঠিত ‘কুইনিস আর্ট’এর সৌজন্যে ৩য় যৌথ এই প্রদর্শনীটির শুভ উদ্বোধন করা হয় শুক্রবার বিকাল ৬ ঘটিকায়।

প্রদর্শনীটির উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী মিজানুর রহিম। উদ্বোধনী  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প সমালোচক সামসুল ওয়ারেস এবং ডেইলি স্টার পত্রিকার চিত্র ও বিনোদন বিভাগের সম্পাদক সাদিয়া আফরিন মল্লিক।

‘কুইনিস আর্ট’এর সমন্বয়ে গাজীপুরের নক্ষত্রবাড়িতে ডিসেম্বরের ১২ থেকে ১৫ তারিখের মধ্যে একটি আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। নাসিমা খানম কুইনির এই উদ্যোগটি তার শিক্ষক বিশিষ্ট শিল্পী সমরজিৎ রায় চৌধুরীর সম্মানে  আয়োজিত। এই আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন বরেণ্য শিল্পী সমরজিৎ রায় চৌধুরী এবং নাসরিন বেগম, সৈয়দ হাসান মাহমুদ, আতিয়া ইসলাম এ্যানি, আশোক কর্মকার, রফি হক, প্রদ্যোৎ কুমার দাস, বিপাশা হায়াত, ফাহমিদা এনাম কাকলি, আশরাফুল হাসান, আজমির হোসেন, শাহনুর মামুন, জাহিদ মুস্তাফা ও উদ্যোক্তা শিল্পী নাসিমা খানম কুইনি।

আট ক্যাম্পে আঁকা চিত্রগুলো দিয়ে সাজানো হয়েছে ‘উড়ন্ত ডানায় রংধনু’ শীর্ষক যৌথ চিত্র প্রদর্শনীটি। প্রায় ৩০টি চিত্রকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে য়ার অধিকাংশ চিত্রকর্ম এ্যাক্রেলিক ও কিছু মিশ্র মাধ্যমে আঁকা । ‘কুইনিস আর্ট’এর বর্ণনায় প্রদর্শীত চিত্রশিল্পে শিল্পীর সত্বা প্রবলভাবে ফুটে উঠেছে। এসব চিত্রকর্মে শিল্পীরা কল্পনার ডানায় উড়ে এঁকেছেন ভালোবাসার অনুভূতি।
 
‘উড়ন্ত ডানায় রংধনু’ চলবে ১৫ ই জুন ২০১৫ পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। রোববার সাপ্তাহিক বন্ধ।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।