সাপের ছোবল খেয়ে হাসপাতালে চাঁদনী
একটি ছবির শুটিংয়ে সাপ নিয়ে নাচার সময় হাতে পেঁচানো সাপের ছোবল খেলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী চাঁদনী। কিশোর মাহমুদের ‘বিষ’ চলচ্চিত্রের শুটিং চলাকালে শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেয়া হয়।
নির্মাতা সূত্রে জানা যায়, পুবাইলে সহশিল্পী সাব্বির, এ কে আজাদ সেতু ও দোলনের সঙ্গে ‘বাইদ্যার ঘরের কন্যাগো আমি’ গানের সঙ্গে নাচের শুটিং করছিলেন চাঁদনী। একটি দৃশ্যের প্রয়োজনে একটি সাপ হাতে পেঁচিয়ে নাচতে থাকেন তিনি। হঠাৎ করেই সাপটি ছোবল মারে তার হাতে। প্রথমে স্বাভাবিক থাকলেও কিছুক্ষণ পরে মাথা ঝিম ঝিম করছে বলে অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে পুবাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে ইনজেকশন দিয়ে ড্রেসিং করে দেয়া হলে সুস্থ বোধ করেন চাঁদনী।
দূর্ঘটনা প্রসঙ্গে নির্মাতা কিশোর মাহমুদ বলেন, ‘সাপের বিষদাঁত ভেঙেই ব্যবহার করা হয় শুটিংয়ে। যেহেতু বেদে জীবন নিয়েই ছবির পটভূমি, তাই বেশ কিছুদিন থেকে সাপ নিয়েই শুটিং করছেন চাঁদনী। এই প্রথম এমন অপ্রীতিকর ঘটনা ঘটলো। যদিও সাপটির বিষহীনতা নিয়ে বেদেরা নিশ্চিত করছিল বার বার, তবুও ঝুঁকি নেয়া হয়নি।’
আপাতত বিশ্রামে আছেন চাঁদনী।
এলএ