বিয়ে না করায় গ্রেফতার হতে পারেন পাক অভিনেত্রী!
পাকিস্তানের ‘বিতর্কিত’ অভিনেত্রী মীরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত। সেখানে মীরার বিরুদ্ধে বিয়ে করার কথা দিয়েও কথা না রাখার অভিযোগ আনা হয়েছে।
এই অভিযোগ দায়ের করেছেন মীরার স্বঘোষিত স্বামী আতিকুর রহমান। তার দাবি, মীরা তাকে বিয়ে করবেন বলে আইনি প্রতিশ্রুতি দিয়েও ২০১৩ সালে বিয়ে করেন ক্যাপ্টেন নাভিদ পারভেজকে। আবার নাভিদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রেখেও অন্য একজনকে বিয়ের আইনি প্রতিশ্রুতি দেন। এ খবর দিয়েছে ডেইলিটাইমস ডট কম ডট পিকে।
লাহোর ক্যান্টনমেন্টের দায়রা বিচারক মীরাকে আদালতে হাজিরা দেওয়ার জন্য বহুবার নির্দেশ দিলেও মীরা আসেননি। গেল শুক্রবার গ্রেফতারি পরোয়ানা জারি করে ১৭ জুলাই পরবর্তী শুনানির দিন আদালতে পেশ করতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।
তবে মীরা কোনো নোটিশ পাননি বলে জানিয়েছেন। তিনি এ বিষয়ে বলেন, ‘আমি বা আমার আইনজীবী, কেউই নোটিশের ব্যাপারে কিছু জানি না। আর মিথ্যে অভিযোগ আনা আতিকুর সম্পর্কেও কোনো ধারনা নেই আমার!’
এদিকে দেশটির সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, পরের শুনানিতে উপস্থিত না থাকলে গ্রেফতার হতে পারেন মীরা। আর বিষয়টি তার আইনজীবীরাও তাকে অবহিত করেছেন। এ নিয়ে তাই খানিকটা দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন তিনি।
এলএ