নতুন রূপে আসতে চান সানি লিওন!
বলিউড দুনিয়ার প্রথম সারির নায়িকাদের চ্যালেঞ্জ ছুড়ে দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন এসময়কার আলোড়ন সৃষ্টিকারী অভিনেত্রী সানি লিওন। ইতিমধ্যে বক্স অফিসও মাত করেছেন সাবেক এই পর্ণোস্টার। নীল ছবি থেকে বলিউডে পা দিয়েই যাবতীয় স্পটলাইট কেড়ে নিয়েছেন তিনি। অভিনয় দক্ষতা নাকি শরীরী জাদু কোনটা তার সাফল্যের হাতিয়ার সে বিচার করবেন দর্শকরা।
তবে নতুন খবর হচ্ছে এবার ‘নতুন রূপে’ আবির্ভূত চান সানি। অর্থাৎ অভিনেত্রী থেকে প্রযোজকের খাতায় নাম লেখাতে চান তিনি। স্বামী ড্যানিয়েলের সঙ্গে যৌথ উদ্যোগে নতুন ভূমিকায় দেখা যেতে পারে তাকে।
সানি জানিয়েছেন, “আমার আর ড্যানিয়েলের কাছে ছবি প্রযোজনা খুব স্বাভাবিক বিষয়। তবে এই কাজ শুরু করার আগে অনেক কিছু শিখতে হবে আমাদের”।
লস এঞ্জেলসে একটি প্রযোজনা সংস্থার মালিক এই দম্পতি বলিউডি ছবি তৈরির জন্য একটি নতুন কোম্পানি খুলেছেন। এখন নিজেদের কোম্পানির জন্য ভাল টিম তৈরিতে ব্যস্ত তারা। “আমি বিশ্বাস করি একটা ভাল ছবি করতে হলে তার পিছনে একটা ভাল দল থাকা দরকার। তাই বিশ্বাসযোগ্য কিছু লোক খুঁজছি আমরা” জানিয়েছেন সানি।
ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং আমেরিকান নাগরিক সানি লিওনের নতুন এই উদ্যোগ তার ক্যারিয়ারে কতটা সফলতা বয়ে আনবে সেটাই এখন সময়ের অপেক্ষা মাত্র।
টিআই