নিজের চরিত্রে সালমানকে দেখতে চান ধর্মেন্দ্র


প্রকাশিত: ০৬:২০ এএম, ২০ জুন ২০১৫

কিংবদন্তি কিংবা জনপ্রিয় ব্যক্তিদের জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণ নতুন কিছু নয়। বলিউডে আজকাল এটা হরহামেশাই হচ্ছে। সেকারণেই বি-টাউনে একসময়ের লৌহমানব বলে খ্যাত ধর্মেন্দ্রকে নিয়েও যে বায়োপিক হতে পারে, তাতে আর আশ্চর্য কি!। তাই আগেভাগেই নিজের চরিত্রে কাকে দেখলে খুশি হবেন সে বিষয়ে মুখ খুললেন আশির দশকের ড্রিমগার্ল-খ্যাত নায়িকা হেমা মালিনীর এই অভিনেতা স্বামী।

ধর্মেন্দ্র বলেছেন, যদি তার জীবন নিয়ে কোনও চলচ্চিত্র হয়, তবে তার চরিত্রে যেন সালমান খান অভিনয় করেন।

‘শোলে’-র বীরু জানাচ্ছেন, ‘সালমান আমার চরিত্রে অভিনয় করার জন্য একেবারে উপযুক্ত ব্যক্তি। ওর বেশ কিছু অভ্যাস আমার মতো। আপনারা তো এটা ভালোই জানবেন। ও অনেকটা আমার মতো।’

গত মাসে হিট অ্যান্ড রান মামলায় শুনানির পর তিনি সালমানকে ফোনও করেছিলেন। ধর্মেন্দ্র বলেন, ‘আমি ওকে একবার ফোন করেছিলাম। তবে ব্যস্ত থাকার কারণে আমার সঙ্গে কথা বলতে পারেনি। তাই আমি আর ডিসটার্ব করিনি।’

খোলামেলা আলোচনায় ধর্মেন্দ্র আরও জানান, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’র সিক্যুয়েল নিয়ে তিনি খুব একটা খুশি ছিলেন না। তার কথায়, ‘আমি আর সানি যখন ছবির স্ক্রিনিংয়ে ছিলাম, তখনই আমি বলেছিলাম, সিনেমাটি খুব একটা চলবে না। এখনকার দর্শক অনেক বেশি স্মার্ট। যা খুশি তাদের পাতে দিলে, তারা সেটা গ্রহণ করেন না।’

ছবিটির তৃতীয় পার্ট তৈরি হবে কি না তা নিয়ে অবশ্য তিনি কিছু জানাননি। ধর্মেন্দ্রর পরবর্তী ছবি ‘সেকেন্ডহ্যান্ড হাসব্যান্ড’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এই সিনেমায় তার বিপরীতে গিপ্পি গ্রেওয়ালকে দেখা যাবে। গোবিন্দা কন্যা টিনাও এখানে অভিনয় করছেন একটি চরিত্রে।

এলএ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।