দেবাশীষের প্রথম চুমুর দিব্যি
আজকাল আমাদের এখানে কথা নির্ভর গান খুব কমই হয়। শ্রোতাদের চাহিদা মাথায় রেখে সঙ্গীতাঙ্গনে রোজ রোজ তৈরি হচ্ছে শ্রুতিমধুর সুরে চাকচিক্যের গান। সেসবের বেশিরভাগই মানহীন কথা ও সামঞ্জস্যতার অভাবে দুষ্ট। হুট করেই জনপ্রিয়তা পেয়ে হুট করেই হারিয়ে যাচ্ছে।
তবে যারা খানিকটা ব্যতিক্রমী শ্রোতা, চান কথা নির্ভর গানে মন জুড়াতে তাদের জন্য আসছেন দেবাশীষ সমদ্দার। আগামী ১২ শ্রাবণ বাজারে আসছে এই উদীয়মান তরুণ গায়কের প্রথম একক অ্যালবাম ‘প্রথম চুমুর দিব্যি’।
ব্যতিক্রমধর্মী পাঁচটি গান নিয়ে তৈরি করা হয়েছে এই অ্যালবামটি। এখানে গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। আর সঙ্গীতায়োজনে আছেন বাপ্পা মজুমদার ও দেবাশীষ। অ্যালবামে শ্রোতারা শুনতে পাবেন ‘প্রথম চুমুর দিব্যি’, ‘শ্রাবণ’, ‘মান করিস না ‘, ‘দ্বীপান্বীতা’ ও ‘চৈত্রের শেষে বৃষ্টি’ শিরোনামের গানগুলো।
বাংলাদেশ ও বৃট্রেনের যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান মেলোডিয়া ভিস্তা’র ব্যানারে অ্যালবামটি বিশ্বজুড়ে প্রকাশিত হতে যাচ্ছে। পর্যায়ক্রমে গানগুলো তিনটি ভাষায় (বাংলা, ইংরেজি ও হিন্দি) প্রকাশিত হবে।
এই সার্বিক বিষয় সম্পর্কে মেলোডিয়া ভিস্তা’র ব্রিটেন প্রতিনিধি কমল পাল জানান, ‘গানগুলোর অসাধারণত্বের জন্য গানগুলোকে প্রকাশ করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। আশা করি শ্রোতাদের কাছে গানগুলো উপভোগ্য হবে।’
এদিকে বাংলাদেশের প্রতিনিধি মাহফুজুল ইসলাম সাইমুম বলেন, ‘গানগুলো এককথায় অসাধারণ! আমরা বিশ্বাস করি শ্রোতারা গানগুলোর মধ্যে নিজেকে খুঁজে পাবেন। ইতিমধ্যেই গানের অডিও তৈরির কাজ প্রায় শেষ এবং এরই ফাঁকে আমরা গানের ভিডিও চিত্র ধারণের কাজ শুরু করেছি।’
এই অ্যালবাম সম্পর্কে বাপ্পা মজুমদার বলেন, ‘গানগুলো অসাধারণ। দেবাশীষের গলায় গাওয়া গানগুলো শুধু আনন্দই দেবে না কখনও কখনও ভাবাবেও শ্রোতাদেরকে। ওর সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি।’
উল্লেখ্য, অ্যালবামটির অনলাইন মার্কেটিং করবে আই টিউনস, সনি এন্টারটেইনমেন্ট, গুগল প্লে, ভেভো, ইউ টিউব, টিডাল এবং জেবিএল সহ বিশ্বখ্যাত কোম্পানি সহ অনেক অডিও ভিজ্যুয়াল কোম্পানি। এছাড়াও ফিজিক্যাল মার্কেটিং করবে অ্যামাজন এমপি থ্রি।
এদিকে ঘোষণা দেয়া হয়েছে, অ্যালবামের লভ্যাংশের অর্ধেক দান করা হবে আর্ত মানবতার সেবায়।
এলএ