ইরানের কাছে তথ্য পাচারের অভিযোগে বাহরাইনে গ্রেফতার ৫
ইরানের কাছে গোপন তথ্য সরবরাহের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বাহরাইন কর্তৃপক্ষ।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিরা ইরানের সামরিক বাহিনী আইআরজিসি-এর কাছে নির্ভুল ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করে পাঠানোর সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
এছাড়া তাদের বিরুদ্ধে বাহরাইনে হামলার পরিকল্পনা বাস্তবায়নের জন্য সন্ত্রাসী উপাদান নিয়োগের অভিযোগও আনা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই মামলার সঙ্গে জড়িত আরও একজন ব্যক্তি বর্তমানে দেশের বাইরে পালিয়ে রয়েছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কৌশল স্থিতিশীলতা আনার বদলে বরং নতুন উত্তেজনা তৈরি করছে।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি তথাকথিত মার্কিন নিরাপত্তা ছাতাকে অকার্যকর বলে মন্তব্য করেন। তার মতে, এটি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ এবং এতে অনেক দুর্বলতা রয়েছে।
আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতা ফাঁকফোকরে ভরা এবং এটি সমস্যা ঠেকানোর বদলে বরং আমন্ত্রণ জানায়।
তিনি আরও দাবি করেন, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি নিরাপদ রাখতে এখন যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোর সহায়তা চাইছে, এমনকি চীনের কাছেও।
সূত্র: বিবিসি
এমএসএম