লিবিয়া উপকূলে নৌকা ডুবে দুই শিশুসহ ৫৩ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ
লিবিয়ার উপকূলে একটি নৌকা ডুবে দুই শিশুসহ অন্তত ৫৩ জন অভিবাসী নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এসব তথ্য জানিয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে আইওএম জানিয়েছে, ৫৫ জন আরোহী বহনকারী নৌকাটি গত ৬ ফেব্রুয়ারি উত্তর-পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর জুয়ারার উত্তরে ভূমধ্যসাগরে ডুবে যায়।
আইওএম জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাদের উদ্ধারকারী দল দুইজন জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাত দিয়ে আইওএম জানিয়েছে, নৌকাটিতে থাকা যাত্রীরা মূলত বিভিন্ন আফ্রিকান দেশের শরণার্থী ও অভিবাসী ছিলেন।
নৌকাটি ৫ ফেব্রুয়ারি রাত প্রায় ১১টার দিকে উত্তর-পশ্চিম লিবিয়ার জাওইয়া এলাকা থেকে যাত্রা শুরু করে এবং প্রায় ছয় ঘণ্টা পর দুর্ঘটনার শিকার হয়।
আইওএমের মিসিং মাইগ্রান্টস প্রজেক্ট–এর তথ্য অনুযায়ী, ২০২৫ সাল থেকে এখন পর্যন্ত বিপজ্জনক মধ্য ভূমধ্যসাগরীয় পথে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। সর্বশেষ এই দুর্ঘটনার ফলে চলতি বছর এ পথে মৃত বা নিখোঁজ শরণার্থী ও অভিবাসীর সংখ্যা বেড়ে অন্তত ৪৮৪ জনে দাঁড়িয়েছে।
আইওএম জানিয়েছে, শুধু জানুয়ারি মাসেই চরম বৈরী আবহাওয়ার মধ্যে একাধিক ‘অদৃশ্য’ নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৩৭৫ জন অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন। সংস্থাটি বলছে, বাস্তবে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, বারবার ঘটে যাওয়া এসব দুর্ঘটনা স্পষ্ট করে তুলে ধরে যে, বিপজ্জনক এই সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে শরণার্থী ও অভিবাসীরা এখনো কতটা প্রাণঘাতী ঝুঁকির মুখে পড়ছেন।
সূত্র: আল-জাজিরা
কে এম