জামা না পরে বিক্ষোভ, কংগ্রেসের বিরুদ্ধে চটলেন মোদী
ভারতের এআই সম্মেলন চলাকালে জামা না পরে বিক্ষোভ করেছে কংগ্রেসের যুব শাখা। তবে এর তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদী অভিযোগ করে বলেন, সাম্প্রতিক এআই ইমপ্যাক্ট সামিট-এর মতো একটি বৈশ্বিক আয়োজনকে কংগ্রেস তাদের নোংরা ও নগ্ন রাজনীতির মঞ্চে পরিণত করেছে।
উত্তর প্রদেশের মীরাটে এক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভেতরে কিছু রাজনৈতিক দল আছে, যারা ভারতের সাফল্য হজম করতে পারে না। আমরা সম্প্রতি ভারতে বিশ্বের সবচেয়ে বড় এআই সম্মেলনের আয়োজন দেখলাম। গোটা দেশ গর্বে ভরে উঠেছিল।
তিনি আরও বলেন, কিন্তু কংগ্রেস এবং তাদের ঘনিষ্ঠ মহল কী করলো? তারা ভারতের একটি বৈশ্বিক অনুষ্ঠানকে তাদের নোংরা ও নগ্ন রাজনীতির প্ল্যাটফর্মে পরিণত করলো।
সম্মেলন চলাকালে কংগ্রেসের যুব শাখার কর্মীরা জামাবিহীন অবস্থায় প্রতিবাদ জানায়, যা নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
সূত্র: এনডিটিভি
এমএসএম