থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
সীমান্তে থাইল্যান্ডের সেনাবাহিনী। ছবি: এএফপি।

থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তে কম্বোডিয়ার বাহিনীর সঙ্গে তাদের গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ সংঘর্ষের কথা জানিয়ে থাই সেনাবাহিনী অভিযোগ করেছে, কম্বোডিয়া ডিসেম্বরের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

থাই সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সীমান্তবর্তী সিসাকেত প্রদেশে টহলরত থাই বাহিনীর কাছে কম্বোডিয়ার সেনারা একটি ৪০ মিলিমিটার গ্রেনেড নিক্ষেপ করে। এর জবাবে থাই বাহিনী পাল্টা গুলি চালায়। তবে এতে কোনো থাই সেনা সদস্য হতাহত হননি।

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার পর সংশ্লিষ্ট দিক লক্ষ্য করে সতর্কতা ও আত্মরক্ষার অংশ হিসেবে এম৭৯ গ্রেনেড লঞ্চার থেকে পাল্টা গুলি ছোড়া হয়, যা সংঘর্ষবিধির আওতায় ছিল।

সেনাবাহিনীর মুখপাত্র উইনথাই সুভারী বলেন, কম্বোডিয়ার এই পদক্ষেপ যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। গত ডিসেম্বরের শেষদিকে তিন সপ্তাহব্যাপী প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর ওই যুদ্ধবিরতি কার্যকর হয়।

থাই বাহিনীর প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, কম্বোডিয়ার সেনা বদলির সময় নতুন সদস্যদের বিধি ও কমান্ড কাঠামো সম্পর্কে অপর্যাপ্ত ধারণার কারণে এই ঘটনা ঘটতে পারে।

দুই দেশের শতবর্ষী সীমান্ত বিরোধের সূত্রপাত ফরাসি ঔপনিবেশিক আমলে নির্ধারিত প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তরেখা নিয়ে বিরোধ থেকে। গত বছর একাধিক দফায় সংঘর্ষে সেনা ও বেসামরিক নাগরিকসহ কয়েক ডজন মানুষ নিহত হন এবং জুলাই ও ডিসেম্বর মাসে এক মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হন।

সূত্র: এএফপি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।