ডলারের বিপরীতে রুপির দর কমে ইতিহাসে সর্বনিম্ন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির কারণে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ৩৫ পয়সা কমে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ডলারের বিপরীতে রুপি এখন ৯৫.৬৩।
ব্যবসায়ীরা জানিয়েছেন, ১০ সপ্তাহ ধরে চলা সংঘাত বৈশ্বিক সরবরাহব্যবস্থাকে আরও চাপে ফেলতে পারে—এমন আশঙ্কাই বাজারে প্রভাব ফেলছে। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সর্বশেষ শান্তি প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করার পর উদ্বেগ বেড়েছে।
এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি সাশ্রয় ও আমদানি কমানোর আহ্বান জানানোয় বাজারে এই ধারণা তৈরি হয়েছে যে, অপরিশোধিত তেলের দাম দীর্ঘ সময় উঁচু থাকলে ভারতের বাণিজ্য ঘাটতি ও বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ওপর চাপ আরও বাড়তে পারে।
মিরায়ে অ্যাসেট শেয়ারখানের গবেষণা বিশ্লেষক অঞ্জু চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্র ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করায় দুই দেশের মধ্যে অনিশ্চয়তা বজায় রয়েছে, ফলে রুপির ওপর নেতিবাচক চাপ থাকতে পারে।
তিনি বলেন, অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি এবং শক্তিশালী ডলার রুপিকে আরও দুর্বল করতে পারে। তবে নিম্ন পর্যায়ে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ কিছুটা সহায়তা দিতে পারে।
এদিকে বৈশ্বিক তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচার্সে ৩.০৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭.৪৩ ডলারে উঠেছে, যা সরবরাহ বিঘ্ন ও জ্বালানি ব্যয় বৃদ্ধির আশঙ্কা বাড়িয়েছে।
আইএফএ গ্লোবাল এক গবেষণা নোটে বলেছে, প্রধানমন্ত্রী মোদীর জ্বালানি সংযত ব্যবহারের আহ্বান এবং বৈদেশিক মুদ্রা বহির্গমন কমানোর পরামর্শের পর বাজারে জ্বালানি পরিস্থিতির গভীরতা নিয়ে উদ্বেগ বেড়েছে।
হায়দরাবাদে তেলেঙ্গানা বিজেপির এক সমাবেশে মোদী পেট্রোল-ডিজেলের ব্যবহার কমানো, মেট্রো রেল ব্যবহার, কারপুলিং, বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বৃদ্ধি, পণ্য পরিবহনে রেলপথ ব্যবহার এবং বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, পশ্চিম এশিয়ার সংকটের মধ্যে বৈদেশিক মুদ্রা সংরক্ষণের স্বার্থে এক বছরের জন্য সোনা কেনা ও বিদেশ সফর স্থগিত রাখা উচিত।
অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে এবং লাইফ সাপোর্টে টিকে আছে।
ওভাল অফিসে তিনি বলেন, তারা মনে করছে আমি ক্লান্ত হয়ে যাবো, বিরক্ত হয়ে যাবো বা চাপে পড়বো। কিন্তু কোনো চাপ নেই। আমরা পূর্ণ বিজয় অর্জন করবো।
সূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া
এমএসএম