রয়টার্সের দাবি
যুদ্ধের সময় সৌদি আরবও গোপনে ইরানে হামলা করেছিল
যুদ্ধের সময় ইরানের হামলার জবাবে সৌদি আরবও গোপনে অসংখ্যবার পাল্টা হামলা করেছিল বলে দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে সংযুক্ত আরব আমিরাত ইরানে বিমান হামলা চালিয়েছিল বলে খবর এসেছিল।
গত সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সংযুক্ত আরব আমিরাত যুদ্ধের সময় গোপনে ইরানে বিমান হামলা চালিয়েছিল।
ওই প্রতিবেদনের একদিন পর মঙ্গলবার (১২ মে) রয়টার্সেরই আরেক খবরে বলা হয়েছে, সৌদি আরবে ইরানের হামলার জবাবে সৌদি আরবও গোপনে বেশ কয়েকবার ইরানে হামলা করেছিল।
তাদের এ তথ্য দিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত দুইজন পশ্চিমা কর্মকর্তা এবং দুইজন ইরানি কর্মকর্তা।
আরও পড়ুন>>
ইরান কেন আমিরাতকেই বারবার টার্গেট করে?
ইরানে আমিরাতের ‘গোপন হামলা’, মধ্যপ্রাচ্যে বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা
ইরানের তেল সরবরাহের তথ্য দিলে দেড় কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলাগুলোর খবর আগে প্রকাশ্যে আসেনি। এ থেকে বোঝা যায়, এই প্রথমবারের মতো সৌদি আরব সরাসরি ইরানের ভূখণ্ডে সামরিক পদক্ষেপ নিয়েছে।
এর মাধ্যমে আরও একটি বিষয় প্রকাশ পেয়েছে যে, রিয়াদ এখন তার প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আত্মরক্ষায় আরও সাহসী হয়ে উঠেছে। দুইজন পশ্চিমা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হামলাগুলো সৌদি বিমানবাহিনী পরিচালনা করেছিল এবং সম্ভবত মার্চের শেষ দিকে এসব হামলা চালানো হয়।
কর্মকর্তাদের একজন বলেন, ‘সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালানোর প্রতিক্রিয়াতেই এই পাল্টা হামলা করা হয়েছিল।’
তবে তারা এসব হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু নিশ্চিত করতে পারেনি বলে উল্লেখ করেছে রয়টার্স।
রয়টার্স এ বিষয়ে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি সরাসরি কিছু বলেননি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও রয়টার্সকে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর সামরিক সম্পর্ক থাকা সৌদি আরব ঐতিহ্যগতভাবে নিরাপত্তার জন্য মার্কিন সামরিক শক্তির ওপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক ১০ সপ্তাহের যুদ্ধ দেশটিকে এমন হামলার মুখে ফেলেছে, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকেও অতিক্রম করে গিয়েছে।
সূত্র: বিবিসি বাংলা
কেএএ/