ইউক্রেনে তুমুল সংঘর্ষ, নিহত ২৮


প্রকাশিত: ০২:৩৮ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

ইউক্রেনের পূর্বাঞ্চলে অস্ত্রবিরতি কার্যকর হওয়ার আগে প্রচণ্ড সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছে অন্তত ২৮ জন।  পূর্ব ইউক্রেনে কিছু জায়গা দখল নিতে সশস্ত্র বিদ্রোহীরা হামলা চালালে সংঘর্ষের এ ঘটনা ঘটে। স্থানীয় সময় ১৫ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে সরকার ও রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে অস্ত্রবিরতি শুরু হতে যাচ্ছে। খবর আল জাজিরা।

খবরে বলা হয়, হামলার ঘটনা ঘটেছে পূর্ব ইউক্রেনের দেবালৎসেভে। এছাড়া দোনেৎস্ক শহরেও কয়েক দফায় গোলা হামলা হয়েছে। সংঘর্ষে অন্তত সাত সৈনিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৩ জন। নিহত ২৮ জনের মধ্যেই ওই সাত সৈনিক অন্তর্ভুক্ত কি না, তা পরিষ্কার নয়। অস্ত্রবিরতি কার্যকরের ঠিক আগের দিন এমন হামলার ঘটনায় অস্ত্রবিরতির সাফল্য আগেভাগেই প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।

প্রসঙ্গত, বেলারুশের রাজধানী মিনস্কে বৃহস্পতিবার বহুল কাঙ্ক্ষিত অস্ত্রবিরতির ঘোষণা আসে। ফ্রান্স ও জার্মানীর উদ্যোগে ওই শান্তি আলোচনায় ইউক্রেন প্রেসিডেন্ট পেট্রো পেরোশেঙ্কো ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত ছিলেন।
ওই বৈঠক অনুযায়ী বাংলাদেশ সময় শনিবার রাত ৪টায় ইউক্রেন অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।