বিমান হামলার শিকার ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে যুদ্ধবিমান নিয়ে হামলা চালানো হয়েছে। এডেন বিমানবন্দরে দুই সশস্ত্র গোষ্ঠির মধ্যে সংঘর্ষের পর এই হামলা চালানো হয়।
কর্মকর্তারা বলেছেন, বিমানবিধ্বংসী অস্ত্র দিয়ে প্রাসাদের ওপর হামলা ঠেকানো গেছে। তবে প্রত্যক্ষদর্শীরা পরবর্তীতে এলাকাটি থেকে ধোঁয়া উড়তে দেখার কথা জানিয়েছে।
প্রেসিডেন্ট আব্দুরাব্বু মনসুর হাদি প্রাসাদে ছিলেন কিনা তা স্পষ্ট জানা যায়নি। তবে তার সহযোগীরা বলছেন, তিনি এখন নিরাপদে আছেন।
প্রাসাদে হামলার আগে এডেন বিমানবন্দরে সেনা এবং হাদির অনুগত মিলিশিয়াদের মধ্যে লড়াইয়ে অন্তত ১৩ জন নিহত হয়।
ব্যাপক সংঘর্ষের কারণে বিমান বন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়। বিমান বন্দর থেকে ফেরার পথে এক যাত্রী জানা, অস্ত্রধারীরাই এখন বিমানবন্দরটি নিয়ন্ত্রণ করছে।
বিমানবন্দরের এ সংঘর্ষ এবং এরপর প্রেসিডেন্ট প্রাসাদে বিমান হামলা হাদির গোষ্ঠী এবং শিয়া মুসলিম হাউথি গ্রুপের মধ্যে বাড়তে থাকা ক্ষমতার লড়াইয়েরই অংশ বলে মনে করা হচ্ছে।
গত মাসে সানা থেকে পালিয়ে যাওয়ার পর এডেনে গিয়ে অবস্থান নিয়েছেন হাদি। টেলিভিশনে এক বক্তব্যে এডেনের গভর্নর আব্দুলআজিজ বিন হাবতুর প্রাসাদে বিমান হামলার জন্য হাউথিদেরকে দায়ী করেছেন। তবে এ হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।
এসআরজে