নাইজেরিয়ায় ৭০ জনকে গলা কেটে হত্যা


প্রকাশিত: ১২:২৬ পিএম, ২১ মার্চ ২০১৫

নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো এবার ৭০ জনকে গলা কেটে হত্যার পর একটি সেতুর নিচে ফেলে রেখেছে। এদের মধ্যে একজনের শিরচ্ছেদ করা ছিল। খবর রয়টার্স।

খবরে বলা হয়, নাইজেরিয়ার দামাসাক শহরটি বোকো হারামের কাছ থেকে দখলমুক্ত করতে গত শনিবার অভিযান চালায় নাইজার ও চাদের সেনাবাহিনী। সেনাবাহিনীর প্রবল আক্রমণে টিকতে না পেরে পালানোর সময় জঙ্গিরা তাদের গলা কেটে হত্যা করে। ২০১৪ সালের নভেম্বরে শহরটি দখল করে নিয়েছিল জঙ্গিগোষ্ঠীটি।

রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, শহরটি থেকে বের হওয়ার একটি প্রধান সড়কের কংক্রিট সেতুর নিচে লাশগুলো ফেলে রাখা হয়েছিল। জায়গাটি বোকো হারামের মৃত্যুদণ্ড কার্যকর করার স্থান ছিল বলে ধারণা করা হচ্ছে। মরুভূমির মতো শুষ্ক বাতাসের কারণে লাশগুলো আংশিকভাবে মমি হয়ে গিয়েছিল।

উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে একটি ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায় বোকো হারাম। এ লক্ষ্যে  ছয় বছর ধরে চলা বিদ্রোহী লড়াইয়ে কয়েক হাজার মানুষকে হত্যা করেছে জঙ্গিগোষ্ঠীটি।

এই গোষ্ঠীকে নির্মূল করতে নাইজেরিয়া, নাইজার, চাদ ও ক্যামেরুনের সেনাবাহিনী মিলে আফ্রিকান ইউনিয়নের তত্ত্বাবধানে যৌথ অভিযানে নেমেছে। ওই অভিযানের অংশ হিসেবেই দামাসাক মুক্ত করে নাইজার ও চাদের যৌথ বাহিনী।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।