কারাগারেই থাকছেন লাখভি


প্রকাশিত: ০১:৫১ পিএম, ২১ মার্চ ২০১৫

কারাগারেই থাকতে হচ্ছে মুম্বাই হামলার প্রধান অভিযুক্ত জাকিউর রহমান লাখভিকে। শুক্রবার লাখভির আটকাদেশ চ্যালেঞ্জ করে দায়ের করা পিটিশন খারিজ করে দিয়েছে লাহোর হাইকোর্ট। ফলে তিনি আপাতত কারাগারের বাইরে আসতে পারছেন না। খবর প্রেস টিভি।

লাখভির পিটিশন শুনানি শেষে বিচারপতি মাহমুদ মকবুল বাজওয়া বলেন, সাম্প্রতিক ঘটনাবলীর আলোকে বলা যায়- লাখভিকে মুক্তি দিলে দেশে অরাজকতা শুরু হতে পারে।

আদালতের এ রায়ের প্রতিক্রিয়ায় লাখভির আইনজীবী অ্যাডভোকেট রিজওয়ান আব্বাসি বলেন, পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ আটকাদেশ ইসলামাবাদ হাইকোর্টের আদেশের সরাসরি লঙ্ঘন। তিনি আরো বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের চাপের কারণেই আদালত তার জামিন আবেদন বাতিল করেছেন।

উল্লেখ্য,গত ১৩ মার্চ তৃতীয়বারের মতো ইসলামাবাদ হাইকোর্ট লাখভির আটকাদেশকে বাতিল বলে ঘোষণা করে। এর একদিন পর পাঞ্জাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় লাখভির বিরুদ্ধে আবারও আটাকাদেশ জারি করে।

২০০৮ সালে ভারতের মুম্বাই নগরীতে হামলার পরিকল্পনা বাস্তবায়ন ও সহায়তার জন্য যে আটজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে লাখভি তার অন্যতম। মুম্বাই হামলার সময় লাখভি নিষিদ্ধ ঘোষিত সংগঠন লস্কর-ই তাইয়্যেবার অপারেশন বিভাগের প্রধান ছিলেন বলে মনে করা হয়।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।