অভিন্ন মুদ্রা ইউনিয়নের প্রস্তাব পুতিনের
শক্তিশালী অর্থনৈতিক জোট গঠন করতে কাজাখস্তান, বেলারুশ, আর্মেনিয়াকে নিয়ে একক মুদ্রা ইউনিয়ন প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে রাশিয়া। শুক্রবার কাজাখস্তানের রাজধানী আস্তানায়, কাজাখ ও বেলারুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়ন গঠনের এ প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এদিকে, ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা এ বছরের শেষ পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্তকে ধ্বংসাত্মক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে ক্রেমলিন।
যুদ্ধবিরতি লঙ্ঘন করে দোনেৎস্কের পেসকি এলাকায় ইউক্রেনীয় সেনা ও বিদ্রোহী উভয়েই পরস্পরের অবস্থান লক্ষ্য করে গুলি চালাচ্ছে। বৃহস্পতিবার পেসকির পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করতে গিয়ে বিবিসি`র প্রতিনিধি প্রত্যক্ষদর্শী হন এই যুদ্ধবিরতি লঙ্ঘনের। পেসকি এখন ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে। বিদ্রোহীদের বিরুদ্ধে তাদের অবস্থান লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ করে তারা।
ইউক্রেনীয় সেনারা বলেন, `কিসের যুদ্ধবিরতি? গুলির শব্দ শুনতে পাচ্ছেন না? এখানে এমনই যুদ্ধবিরতি মানা হচ্ছে। প্রায় পুরো পেসকি আমাদের নিয়ন্ত্রণে। কিছু অংশ নিরপেক্ষ। বিদ্রোহীরা গ্রামের সীমানায় এসে গুলি চালাচ্ছে।`
তবে, শুধু বিদ্রোহীরা নয়, ইউক্রেনীয় সেনারাও গুলি চালাচ্ছে বলে জানান বিবিসি`র সংবাদদাতা।
ইউক্রেনের এই যুদ্ধ পরিস্থিতির জন্য রাশিয়াকে দায়ী করে দেশটির ওপর আরোপ করা পাশ্চাত্য বিশ্বের অর্থনৈতিক নিষেধাজ্ঞার এক বছর পূর্তি হলো ১৭ মার্চ। প্রধানত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের এই নিষেধাজ্ঞায় চরম বিপাকে পড়া রাশিয়ার অর্থনীতি এখন দীর্ঘমেয়াদী মন্দার মুখোমুখি।
এই পরিস্থিতিতে সাবেক সোভিয়েত ইউনিয়নের চার দেশ রাশিয়া, আর্মেনিয়া, কাজাখস্তান ও বেলারুশকে নিয়ে একক মুদ্রা জোট গঠনের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শুক্রবার আস্তানায় কাজাখস্তানের প্রেসিডেন্ট নূর সুলতান নাজারবায়েভ ও বেলারুশের প্রেসিডেন্টের আলেক্সান্দর লুকাশেনকোর সঙ্গে বৈঠকে পুতিন বলেন, একক মুদ্রার প্রচলন হলে ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরালো হবে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, `আমরা মনে করি, `একক মুদ্রা ইউনিয়ন গড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করার এখনই সময়। বিদেশিদের অর্থনৈতিক হুমকি-নিষেধাজ্ঞা উপেক্ষা করা ও আমাদের একক বাজারকে রক্ষা করার সহজ উপায় হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা।`
প্রায় দুই দশক ধরে আলোচনার পর চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে রাশিয়া, আর্মেনিয়া, কাজাখস্তান ও বেলারুশ নিয়ে গঠিত ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের কার্যক্রম শুরু হয়।
তবে পশ্চিমা বিশ্লেষকেরা বলছেন, ঝিমিয়ে পড়া অর্থনীতির চাকা সচল রাখতে এ জোট গঠনের পাশাপাশি একক মুদ্রা চালুর চেষ্টা চালাচ্ছে রাশিয়া। পুতিনের এ প্রস্তাবের আগের দিন ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধবিরতির পুরোপুরি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে, রাশিয়ার ওপর চলতি বছরের শেষ পর্যন্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন। এর প্রতিক্রিয়ায় ক্রেমলিন নিষেধাজ্ঞাকে ধ্বংসাত্মক হিসেবে উল্লেখ করে বলেছে, তারা সবসময়ই ইউক্রেন সংকট নিরসনে গঠনমূলক পদক্ষেপের পক্ষে।
এসআরজে