যুক্তরাষ্ট্রে আগুনে পুড়ে ৭ শিশুর মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে আগুনে পুড়ে একই পরিবারের সাত শিশু নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে দুইজন। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে, আহত দুইজনের অবস্থাও আশঙ্কাজনক। ব্রুকলিনের বেডফোর্ড এ্ভিনিউয়ে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে একটি ইহুদি পরিবারে আগুনের এই ঘটনা ঘটে। নিহতদের বয়স ৫ থেকে ১৫ বছরের মধ্যে।
ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার ড্যানিয়েল এ নিগ্রো শনিবার সকাল ৮টায় এক সংবাদ সম্মেলনে জানান, ভবনের দ্বিতীয় তলায় একটি হট প্লেট উল্টে রাখার কারণে অগ্নিকাণ্ড ঘটে। পরে আগুন তৃতীয় তলায় গিয়ে পৌঁছায়, যেখানে একই পরিবারের ৯ সদস্য ঘুমাচ্ছিল।
নিহতদের মধ্যে তিনটি মেয়ে শিশু, যাদের বয়স যথাক্রমে ৮, ১২ ও ১৫ বছর। বাকি চারজন ছেলে শিশু, যাদের বয়স যথাক্রমে ৫, ৬, ৭ ও ১১ বছর।
নিগ্রো জানান, শিশুদের মা ও এক বোন জানালা দিয়ে লাফ দিলে মারাত্মক আহত হন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক।
তিনি বলেন, ‘বিগত সাত বছরের মধ্যে এটি একটি মর্মান্তিক ঘটনা। এ ঘটনা ওই পরিবার, সম্প্রদায় ও শহরের জন্য দুঃখজনক।’
এসআরজে