ব্রিটেনে পার পেয়ে যাচ্ছে গাড়ি চালানোর সময় ফোন ব্যবহারকারীরা
আইন অমান্য করার ক্ষেত্রে আমাদের দেশের মানুষকে যতই নিন্দা-মন্দ করা হোক না কেন, উন্নত বিশ্বেও যে চিত্রটি খুব বেশি আলাদা নয় তা-ই প্রমাণিত হলো ব্রিটেনের মিনিস্ট্রি অব জাস্টিসের একটি প্রতিবেদনে। তাদের সংসদে উত্থাপিত এই প্রতিবেদনে দেখা গেছে প্রায় ৭০ হাজার গাড়ি চালক সেখানে গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করে থাকেন, যা ২০০৩ সাল থেকে আইন করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।
আরো চমকপ্রদ তথ্য হলো, নির্দিষ্টভাবে এই ৬৮, ৫৭৬ জন চালকের মধ্যে মাত্র ১২০ জন সাধারণ জরিমানা আর লাইসেন্সে তিনটি দাগের বেশি শাস্তি পেয়েছেন। এই সাধারণ জরিমানা হলো ৬০ পাউন্ডের কাছাকাছি অঙ্ক। আরও ১৫৮ জন শর্তসাপেক্ষে ছাড়া পেয়েছে অথবা পুরোপুরি মুক্তভাবে তাদের কাজ চালিয়ে যাচ্ছে।
আইন অমান্য ও প্রয়োগের এই হার নিয়ে শঙ্কিত সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠনগুলো। তাদের মত, এ থেকে প্রমাণ হয় আইনকে পরোয়া করার বিষয়টি কতটা উপেক্ষিত হয়ে পড়ছে।
তাদের দাবি, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা কঠোর হাতে দমন করা প্রয়োজন।
প্রতিবেদনে এটিও দেখা যায়, ২০১১ থেকে ১৩ সাল পর্যন্ত অমান্যকারীর সংখ্যা ক্রমশ হ্রাস পেয়েছে।
কিন্তু সংগঠনগুলোর দাবি, এ থেকে বোঝা যায়, আইন প্রয়োগকারী বাহিনীর নজরদারিই ক্রমশ কমেছে।
তারা দাবি করছেন গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করা মদ্যপান করে গাড়ি চালানোর মতো অপরাধের অন্তর্ভুক্ত করা হোক। এছাড়া জরিমানা কমপক্ষে ১০০০ পাউন্ড ও লাইসেন্সে ৬টি দাগসহ কমপক্ষে ১ বছর গাড়ি চালানো নিষিদ্ধ করা হলে এ ধরণের অপরাধ কমে আসবে বলে মত তাদের।
এসআরজে