আইসিসের হাতে বন্দী ৯ বছরের শিশুরাও গর্ভবতী


প্রকাশিত: ০৫:০৯ পিএম, ২৬ এপ্রিল ২০১৫

ইসলামিক জঙ্গি গোষ্ঠি আইসিসের হাতে বন্দী ৯ বছরের শিশুরাও দিনের পর দিন ধর্ষিত হয়ে গর্ভবতী হয়ে পড়েছে। সম্প্রতি মু্ক্তি পাওয়া ২১৬ ইয়াজিদির মধ্যে ছিল এরকম বেশ কিছু শিশু। তাদের মধ্যে কারো কারো একাধিকবার বেআইনী গর্ভপাতও ঘটানো হয়েছে।

কানাডা ভিত্তিক একটি ত্রাণ সংস্থা রোববার এই খবর প্রকাশ করে।

গত বছর অগাস্টে ইরাকে প্রায় ৪০ হাজার ইয়াজিদিকে বন্দুকের মুখে জিম্মি করে আইসিস সদস্যরা। ইরাকের সংখ্যালঘু এই সম্প্রদায়কে তারা শয়তানের উপাসক বলে ঘৃণা করে বলে জানায়। এই বন্দীদের মধ্যে নারীদের জোর করে বিয়ে, ধর্ষণ এবং দাসত্বে বাধ্য করে তারা।

রহস্যজনক কারণে এ মাসের শুরুতে এদের মধ্যে ২১৬ ইয়াজিদি বন্দীকে মুক্তি দিল আইসিস। নিজ এলাকা কুর্দিস্তানে ফেরা এই বন্দীদের মধ্যে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে রয়েছে এই শিশুরাও, যারা ৯ বছর বয়সেও আইসিস সদস্যদের হাতে ধর্ষিত হয়ে এখন গর্ভবতী।

ত্রাণ সংস্থাটির চিকিৎসকরা জানান, এরা এত ছোট বয়সে গর্ভবতী যে সন্তান ধারণ করতে গিয়ে মৃত্যু অবধারিত।

ছাড়া পাওয়া ১৩ বছরের একটি শিশু তার ভয়াবহ অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেছে, ওসব কথা মনে পড়লে এখনো আমি আতঙ্কে শিউরে উঠি। হাতের কাছে যা পাই ছুঁড়ে মারি, আমার মাথা কাজ করে না।

কানাডীয় সংস্থাটি এই শিশুদের স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসনের কাজ করছে এখন।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।