বাল্টিমোরে দাঙ্গা ঠেকাতে সপ্তাহব্যাপী কারফিউ
যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে দাঙ্গা ছড়িয়ে পড়ায় সপ্তাহব্যাপী কারফিউ ঘোষণা করা হয়েছে। পুলিশি হেফাজতে গুরুতর জখম হয়ে কৃষ্ণাঙ্গ এক ব্যক্তির মৃত্যুর পর ছড়িয়ে পড়া দাঙ্গা নিয়ন্ত্রণ করতেই কর্তৃপক্ষ এ ব্যবস্থা গ্রহণ করেছে। খবর বিবিসি।
খবরে বলা হয়, ফ্রেডি গ্রে নামের ২৫ বছর বয়সী কৃষ্ণাঙ্গ এক তরুণকে পুলিশি হেফাজতে থাকাকালীন মেরুদণ্ডের আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ কোমায় থাকার পর ১৯ এপ্রিল তিনি মারা যান। সোমবার ফ্রেডি গ্রের শেষকৃত্যকে কেন্দ্র করে শহরে দাঙ্গা ছড়িয়ে পড়ে।
পরে ফ্রেডি গ্রে পুলিশি হেফাজতে কিভাবে এত গুরুতর জখম হলেন সে বিষয়টি তদন্ত করে দেখছে দেশটির বিচার বিভাগ। এছাড়া ছয় পুলিশ কর্মকর্তাতে সাময়িক বরখাস্ত করাছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ১৯৬৮ সালে আততায়ীর গুলিতে মার্কিন কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং নিহত হওয়ার পর যে দাঙ্গা দেখা দিয়েছিল সেই সময়ের পর এটিই সবচাইতে বড় দাঙ্গা।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের হাতে বেশ কজন নিরস্ত্র কৃষ্ণাঙ্গের মৃত্যুর পর দেশটির পুলিশ প্রশাসন বর্ণবাদী আচরণ করছে বলে ব্যাপক নিন্দা হয়েছে।
এএইচ/আরআই