ভূমিকম্পে দিল্লির ৮০ ভাগ ভবন ধসে যাবে!


প্রকাশিত: ০৫:৩৫ এএম, ২৮ এপ্রিল ২০১৫

বড় ধরনের ভূমিকম্প হলে ভারতের রাজধানী নয়াদিল্লির দশাও নেপালের কাঠমান্ডুর মতো হবে। সে রকম সজোরে ঝাঁকুনি হলে দিল্লির ৮০ ভাগ ভবন ধসে যাবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। সোমবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দিল্লি ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। সেখানে ভূমিকম্পের উচ্চমাত্রার ঝুঁকি রয়েছে। তা মোকাবিলায় শহরটির দীর্ঘমেয়াদি প্রস্তুতি নেই।

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্সের প্রেসিডেন্ট অধ্যাপক মহেশ ট্যান্ডনের ভাষ্য, শহরটির ভবনগুলোর অবস্থা নাজুক। বড় ধরনের ভূমিকম্প আঘাত হানলে শহরের ৮০ শতাংশ ভবন ধসে পড়বে। দিল্লির ভূমিকম্প-ঝুঁকির ব্যাপারে শহরের বাসিন্দা ও কর্তৃপক্ষের ব্যাপক উদাসীনতা রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

তাদের ভাষ্য, বিদ্যমান ভবনগুলোকে ভূমিকম্প সহনীয় করার ব্যাপারে কার্যত কোনো উদ্যোগ নেই। বিশেষজ্ঞরা বলছেন, শহরটিতে ভবন নির্মাণে অনেক ক্ষেত্রে যথাযথ মানরক্ষা হয়নি। অনেক ভবন অবৈধভাবে তৈরি করা হয়েছে। ভবনের নকশাসহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকম্পের ঝুঁকির বিষয়টি গুরুত্ব পায়নি।

দিল্লির ৮০ শতাংশ ভবন ভূমিকম্প সহনশীল নয়। বড় ধরনের ভূমিকম্পে এসব ভবন ধসে পড়বে। নেপালে গত শনিবার ৭ দশমিক ৯ তীব্রতার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কাঠমান্ডু লণ্ডভণ্ড হয়ে গেছে।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।