নেপালে ধ্বংসস্তুপ থেকে জীবিত নারী উদ্ধার
শনিবারের বিধ্বংসী ভূমিকম্প, তারপর একের পর এক আফটারশকে ধ্বংস হয়ে গিয়েছে নেপালের বহু ঘর-বাড়ি, একাধিক প্রাচীন স্থাপত্য। মারা গিয়েছেন ৫০০০-এরও বেশি মানুষ। কিন্তু এই বিপর্যয়ের মধ্যেও নতুন জীবন পেলেন সুনীতা সিতোউলা। তাকে ধ্বংসস্তূপের তলা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মৃত্যুপুরী নেপালে ভেঙে পড়া একটি পাঁচতলা বাড়ির তলায় আরও অনেকের সঙ্গে চাপা পড়ে গিয়েছিলেন তিনি। জল, খাবার ছাড়া অদম্য প্রাণশক্তির জোরে মৃত্যুকে দূরে ঠেকিয়ে রেখেছিলেন এতগুলো ঘণ্টা। অপরাজেয় মনের জোরেই আজ তাকে জীবিত উদ্ধার করতে পেরেছে উদ্ধারকারী দল। স্থানীয় এক স্কুলের শিবিরে রাখা হয়েছে তাকে।
জানা গিয়েছে, প্রবল ভূকম্পের সময় তার স্বামী ও সন্তানরা নিরাপদে বেরিয়ে আসতে পারলেও সুনীতা একটি ধসে পড়া পাঁচতলা বাড়ির নীচে আটকে পড়েন। উদ্ধার হওয়ার পর তিনি বলেছেন, ‘মনে হচ্ছে একটা অন্য পৃথিবীতে এলাম!’।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে কাঠমাণ্ডুতে এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে পড়ে রয়েছে ১০০ জন।তারা জীবিত না মৃত, সে ব্যাপারে নিশ্চিত নয় প্রশাসন।।
ভূমিকম্পের পর ৪ দিন কেটে গেলেও এখনও আতঙ্ক যাচ্ছে না নেপালবাসীর মন থেকে।। ঘর ছেড়ে পথে, তাঁবুর নিচেই দিন কাটাচ্ছেন তারা। সঙ্গী পানীয় জল ও খাবারের সাঙ্ঘাতিক অভাব। এর সঙ্গে জুড়েছে বিদ্যুতের সমস্যাও। রাজধানীসহ নেপালের অধিকাংশ অঞ্চলই বিদ্যুতহীন হয়ে পড়েছে।
এসআরজে